অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের দিন অকৃতকার্য হওয়ার খবরের পর সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে দুই কলেজশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) পৃথক সময়ে এ দুটি ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কলেজছাত্র ও অন্যজন কলেজছাত্রী।

সাতক্ষীরার তালা উপজেলায় নিহত শিক্ষার্থীর নাম হৃদয় সরদার (২০)। তিনি উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর পান হৃদয়। এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায়ও তিনি দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। পরে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে উত্তীর্ণ হলেও ইংরেজিতে পাস করতে পারেননি। এ নিয়ে তিনি মানসিকভাবে হতাশ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে আত্মহত্যা করেন হৃদয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে পরীক্ষার ফল নিয়ে হতাশা এবং মা-বাবার কাছে ক্ষমা চাওয়ার কথা লেখা ছিল বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত, উদ্ধার করা চিরকুট এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ভূমিকা রানী দাস (১৮) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভূমিকা চলতি বছর হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শনিবার ফল প্রকাশের পর তিনি জানতে পারেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। পরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ভূমিকার বাবা রঞ্জিত চন্দ্র দাস জানান, তার মেয়ে চলতি বছর হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

একই দিনে দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন