অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

সাজেকে অবরোধ শিথিল, তবু বন্ধ দীঘিনালা-বাঘাইছড়ি রুটে যান চলাচল

১২ ঘণ্টার অবরোধ শিথিলের ঘোষণা দিলেও চালক-শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাড়ি চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা

রাঙামাটির সাজেককে ঘিরে চলমান সড়ক অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করা হলেও দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রেখেছে চালক সমিতি। চালক ও শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রোববার (১ নভেম্বর) সকাল থেকে এ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তবে রাঙামাটি থেকে খাগড়াছড়িসহ আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, বাঘাইছড়ি উপজেলা থেকে সকাল থেকে কোনো যাত্রীবাহী গাড়ি ছেড়ে না যাওয়ায় ওই রুটে অচলাবস্থা তৈরি হয়েছে।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চালক-শ্রমিকদের কর্মসূচি

শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে অবরোধের কারণে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি রুটে গাড়ি চলাচল বন্ধ থাকায় চালক ও শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে তাঁদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বাঘাইছড়ি পিকআপ ও জিপ কাউন্টারের লাইনম্যান রুনু কান্তি দে বলেন, চালক ও শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং নিজেদের ইচ্ছামতো সড়ক অবরোধ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

তিনি জানান, কর্মসূচির কারণে সকাল থেকে বাঘাইছড়ি থেকে কোনো যাত্রীবাহী পিকআপ বা জিপ ছেড়ে যায়নি। বাস চলাচলও বন্ধ রয়েছে।

অবরোধ শিথিল হলেও কাটেনি অচলাবস্থা

সাজেককে কেন্দ্র করে চলমান অবরোধ কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আন্দোলনকারীরা দীঘিনালা-সাজেক সড়কে ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করেছেন। তবে চালক সমিতি যান চলাচল বন্ধ রাখায় যাত্রী পরিবহন স্বাভাবিক হয়নি।

ফলে বাঘাইছড়ি থেকে যাতায়াত করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ

এর আগে তৃতীয় দফায় গত ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়।

তবে এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠন দুটি ১ নভেম্বর এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণা দেয়।

সংগঠন দুটির অন্যতম দাবি, জেএসএসের সন্তু লারমা-সমর্থিত সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নিতে হবে। অবরোধ শিথিলের মধ্যেও চালক ও শ্রমিকদের পৃথক কর্মসূচির কারণে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন