অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

নড়াইলে বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালঙ্কার, মালামাল লুটের অভিযোগ

পরিবারের দাবি, ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে ৬–৭ জনের ডাকাত দল।

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে ঢুকে ডাকাতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ক্যামেরাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

রোববার ভোরে মৃত সুধির কুমার বিশ্বাসের ছেলে ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

গ্রিল কেটে ঘরে প্রবেশ, জিম্মি করে লুটপাট

পরিবার ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, রাতে ৬–৭ জনের একটি ডাকাত দল বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সদস্যদের জিম্মি করে তাঁদের হাত-পা বেঁধে বাড়ির বিভিন্ন কক্ষে লুটপাট চালায়।

ডাকাতেরা বাড়ির বিভিন্ন কক্ষ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ক্যামেরা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবারটি।

৩২ থেকে ৪০ ভরি স্বর্ণ লুটের দাবি

বাড়ির মালিক ও মানিক কুমার বিশ্বাসের বড় ভাই সমর কুমার বিশ্বাস বলেন, ভোরে ডাকাতেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে তাঁদের জিম্মি করে। পরে ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও মূল্যবান জিনিসপত্রসহ কোটি টাকার মালামাল নিয়ে যায়।

দুর্গাপূজা উপলক্ষে একত্রিত হয়েছিল পরিবার

মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই রুপক সেন জানান, বিভিন্ন জেলায় বসবাস করা পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে বাড়িটিতে একত্রিত হয়েছিলেন। উৎসবে ব্যবহারের জন্য তাঁদের সঙ্গে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিল।

রুপক সেনের দাবি, ডাকাতেরা বাড়ির সব কক্ষ থেকে এসব জিনিসপত্র নিয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন, তদন্তে পুলিশ

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন