অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ইউএস-বাংলার বহরে আসছে আরও ২১ উড়োজাহাজ, গ্রাউন্ড সার্ভিসে বড় বিনিয়োগ

ইতোমধ্যে ১২ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে; আগামী ৩ থেকে ৪ মাসে বহরে যুক্ত হবে আরও ১৪৬টি গ্রাউন্ড সার্ভিস সরঞ্জাম।

যাত্রীসেবার মানোন্নয়ন, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের (জিএসই) আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ লক্ষ্যে ইতোমধ্যে ১২ মিলিয়ন ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উড়োজাহাজের বহর সম্প্রসারণের পাশাপাশি ফ্লাইটের সময়ানুবর্তিতা, গ্রাউন্ড অপারেশনের দক্ষতা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে এ বিনিয়োগ করা হচ্ছে।

বহরে যুক্ত হচ্ছে আরও ২১টি উড়োজাহাজ

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। এর সঙ্গে আরও প্রায় ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাউন্ড সার্ভিসে যুক্ত হবে ১৪৬টি নতুন সরঞ্জাম

উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের পর্যাপ্ততা নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছে ইউএস-বাংলা। বর্তমানে সংস্থাটির ব্যবস্থাপনায় রয়েছে প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস সরঞ্জাম। আগামী তিন থেকে চার মাসের মধ্যে আরও ১৪৬টি নতুন সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন সরঞ্জামের মধ্যে রয়েছে এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, প্যাসেঞ্জার বোর্ডিং স্টেয়ারস, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক, ওয়াটার ও ল্যাভাটরি সার্ভিস ট্রাকসহ বিভিন্ন ধরনের র‌্যাম্প সাপোর্ট সরঞ্জাম।

এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট সুবিধাও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শাহজালাল বিমানবন্দরে ৮০টি বৈদ্যুতিক যান চালুর পরিকল্পনা

পরিবেশবান্ধব এভিয়েশন ব্যবস্থার বিকাশেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ইউএস-বাংলা। সরকারের ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি বৈদ্যুতিক যানবাহন পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরের আদলে শাহজালাল বিমানবন্দরে এসব যানবাহনের জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে বিমানবন্দরের বিভিন্ন গ্রাউন্ড অপারেশনে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন