রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ প্রবাসী বহিষ্কার

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে দেশজুড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ৫৮৭টি অপরাধ নথিভুক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা নথিভুক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৮ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইন লঙ্ঘনের চিত্র

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসপিএ জানায়, নথিভুক্ত ১১ হাজার ৫৮৭টি অপরাধের মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত, ৩ হাজার ১৯১টি অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা নিরাপত্তা লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন ভঙ্গের ঘটনা।

অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে এবং বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টাকালে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া আইন লঙ্ঘনকারী প্রবাসীদের যাতায়াতে পরিবহনসেবা দেওয়া, আশ্রয় দেওয়া কিংবা অবৈধভাবে কাজে নিয়োজিত রাখার অভিযোগে ২৯ জন সহযোগীকে আটক করা হয়েছে।

৪১ হাজারের বেশি বিদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

তাদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ট্রাভেল পারমিট বা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে। আর ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সহযোগিতায় সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড

অবৈধ অনুপ্রবেশে সহায়তা, যাতায়াতের জন্য যানবাহন সরবরাহ, থাকার জায়গা দেওয়া কিংবা অন্য কোনো সুবিধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব কাজে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে। একই সঙ্গে অবৈধ ব্যক্তিদের সহায়তায় ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন