সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

৪০ হাজার ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য, বিচারাধীন প্রায় ১০ হাজার মামলা; আগামী তিন বছরে ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার আশঙ্কা

জমির শেয়ার বিক্রির মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির অভিযোগ, যথাযথ আইনি কাঠামো ও নিয়ন্ত্রণের অভাবে এ ধরনের প্রকল্পে ক্রেতাদের বিনিয়োগ, জমির মালিকানা, ফ্ল্যাটের আইনগত অধিকার এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব উদ্বেগ তুলে ধরেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জমির শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পে অনিয়ম ও প্রতারণার অভিযোগে প্রায় ৪০ হাজার নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ-সংক্রান্ত প্রায় ১০ হাজার মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট মামলা ও আইনি জটিলতায় প্রায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি।

শেয়ার বিক্রির আড়ালে ফ্ল্যাটের মালিকানা নিয়ে অনিশ্চয়তা

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাতে সম্প্রতি এমন একটি ব্যবসায়িক পদ্ধতির বিস্তার ঘটছে, যেখানে ক্রেতাদের কাছে জমির নির্দিষ্ট অংশ বা শেয়ার বিক্রি করে ভবিষ্যতে নির্ধারিত আয়তনের ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

তবে অনেক ক্ষেত্রে এসব প্রকল্পের অনুমোদিত নকশা, নির্মাণের আর্থিক সক্ষমতা, বিনিয়োগকৃত অর্থের ব্যবহার, ফ্ল্যাটের সুনির্দিষ্ট অবস্থান এবং মালিকানা হস্তান্তরের আইনগত নিশ্চয়তা স্পষ্ট থাকে না।

ফলে ক্রেতারা অর্থ বিনিয়োগ করলেও নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝে পাওয়া, বৈধ মালিকানা অর্জন কিংবা প্রয়োজনে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন।

ভবনের নিরাপত্তা ও অনুমোদিত নকশা নিয়ে প্রশ্ন

সংবাদ সম্মেলনে শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পের ভবনগুলোর নির্মাণমান ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

রিহ্যাবের দাবি, এ ধরনের অনেক প্রকল্পে অনুমোদিত নকশা ও বাস্তব নির্মাণের মধ্যে অসংগতি এবং নির্মাণসংক্রান্ত শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, এসব প্রকল্পের ১০০টি ভবন পরিদর্শন করা হলে প্রায় প্রতিটিতেই কোনো না কোনো ধরনের ব্যত্যয় পাওয়া যেতে পারে।

এ অবস্থায় শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ভবনগুলোর অনুমোদিত ব্যবহার, নির্মাণবিধি অনুসরণ এবং প্রকৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীন ও নিরপেক্ষ কারিগরি পরিদর্শনের দাবি জানানো হয়।

নিয়ম মেনে ব্যবসা করা ডেভেলপাররা অসম প্রতিযোগিতায়

রিহ্যাবের বক্তব্য অনুযায়ী, প্রচলিত আইন মেনে পরিচালিত আবাসন প্রতিষ্ঠানগুলোকে জমির মালিকানা যাচাই, প্রকল্প অনুমোদন, নকশা, নির্মাণবিধি, প্রকৌশলগত নিরাপত্তা এবং কর ও ভ্যাটসংক্রান্ত বিভিন্ন বাধ্যবাধকতা পূরণ করতে হয়।

এসব শর্তের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রশাসনিক ও আইনি জবাবদিহির মুখোমুখি হতে হয়।

অন্যদিকে, শেয়ারভিত্তিক মালিকানার নামে পরিচালিত কিছু আবাসন প্রকল্পে একই মাত্রার তদারকি ও আইন প্রয়োগ নিশ্চিত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। এর ফলে আইন মেনে ব্যবসা পরিচালনাকারী ডেভেলপার প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে বলে দাবি করা হয়।

৯ হাজার ৮২৩ মামলা, সংশ্লিষ্ট প্রায় ১২ হাজার কোটি টাকা

সংবাদ সম্মেলনে সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য উল্লেখ করে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জমির শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পে প্রতারণার অভিযোগসংক্রান্ত ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন রয়েছে।

ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব মামলার সঙ্গে প্রায় ৪০ হাজার ক্রেতা এবং আনুমানিক ১২ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট রয়েছে।

রিহ্যাবের মতে, এ পরিসংখ্যান আবাসন খাতে ক্রেতাদের আর্থিক নিরাপত্তা, বিনিয়োগ সুরক্ষা এবং কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

কার্যকর নজরদারি ও আইনের সমান প্রয়োগের দাবি

সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে আবাসন খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনটি মনে করে, আবাসন ব্যবসা যে পদ্ধতিতেই পরিচালিত হোক না কেন, ক্রেতাদের আইনগত অধিকার, প্রকল্পের অনুমোদন, নির্মাণমান এবং ভবনের নিরাপত্তার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

পাশাপাশি অনিয়ন্ত্রিত শেয়ারভিত্তিক আবাসন ব্যবসার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ক্রেতাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনের পরিচালক, প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির সদস্য এবং আবাসন খাতের প্রতিনিধিরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন