বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার খরচ বাবদ বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার খরচ পাঠানোর সুযোগও পেয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো।
বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে চিকিৎসাবাবদ সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার জন্যও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে।
তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ না থাকলে, বিষয়টি যাচাই করে ব্যাংকগুলো শিক্ষার খরচ বাবদ অর্থ ছাড় করতে পারবে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

