ঢাকার সাভারে ভোররাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে ঢাকা–আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। তবে বাস দুটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে সাভার থানাধীন ঢাকা–আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-০৭৬১) আগুন লাগে।
এর আগে ভোর আনুমানিক ৪টার দিকে সাভার মডেল থানাধীন গেন্ডা বাসস্ট্যান্ডসংলগ্ন ইউটনের পাশে দাঁড়িয়ে থাকা সাটুরিয়া পরিবহনের একটি বাসে (রাজবাড়ী-ব-১১-০০০৬) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। দুটি বাসে অল্প সময়ের ব্যবধানে আগুন লাগার ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও জানা যায়নি।
ঘটনার সময় বাস দুটিতে কোনো যাত্রী না থাকায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন লাগার প্রকৃত কারণ এবং ঘটনাগুলো নাশকতামূলক কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

