সোমবার, ৯ নভেম্বর ২০২৬

জ্বালানি ও শিল্পের নতুন হাব হচ্ছে মহেশখালী-মাতারবাড়ী

৩০ বছরে দেড় লাখ মানুষের সরাসরি কর্মসংস্থান, পরোক্ষভাবে কাজের সুযোগ পাবেন ২৫ লাখ; জ্বালানি, বন্দর ও শিল্পায়ন ঘিরে তিন ধাপে বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা

কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীকে কেন্দ্র করে দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করেছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)। আগামী ৩০ বছরে এ অঞ্চলে ৬০ থেকে ৬৫ বিলিয়ন ডলারের দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৫ বিলিয়ন ডলার আসবে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) থেকে।

মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ১৫০ বিলিয়ন ডলারের অবদান, লজিস্টিকস ব্যয় ৪ বিলিয়ন ডলার কমানো এবং বৈদেশিক লেনদেনে ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার সাশ্রয়ের লক্ষ্য রয়েছে।

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বুধবার কক্সবাজারের মহেশখালীকে জ্বালানি ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

মিডার সদস্য ও অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির বিশদ সমীক্ষা ও জরিপের ভিত্তিতে আন্তর্জাতিক মানের সমন্বিত মাস্টারপ্ল্যানটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, তিন ধাপে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায় ২০২৬ থেকে ২০৩০ সাল, দ্বিতীয় পর্যায় ২০৩০ থেকে ২০৪০ সাল এবং শেষ পর্যায় ২০৪০ থেকে ২০৫৬ সাল পর্যন্ত।

তিন ধাপে বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা

প্রথম ধাপে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বড় অবকাঠামো ও জ্বালানি প্রকল্পের ভিত্তি তৈরি করা হবে। এর মধ্যে রয়েছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংযোগ সড়ক, তৃতীয় ও চতুর্থ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সৌরবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল।

স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ২ বিলিয়ন ডলার। এ ছাড়া ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) চালুর পরিকল্পনা রয়েছে। প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগে মহেশখালীতে ড্রাইডক নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে অর্থনৈতিক অঞ্চলের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে। এ সময় আধুনিক টাউনশিপ, পানি সরবরাহ, গ্যাস নেটওয়ার্ক, সড়ক, বাঁধ, ড্রেনেজ ও মাল্টিমোডাল ইয়ার্ড নির্মাণ করা হবে। এ পর্যায়ে ১০ বিলিয়ন ডলার ব্যয়ে তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০৩১ থেকে ২০৩৬ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি ১৫০ মিলিয়ন ডলার ব্যয়ে এলপিজি প্ল্যান্ট নির্মাণ এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের দ্বিতীয় পর্যায়ে বাল্ক টার্মিনাল, বেসরকারি টার্মিনাল ও লজিস্টিকস পার্ক গড়ে তোলা হবে।

তৃতীয় ধাপে ২০৪৩ থেকে ২০৫৬ সালের মধ্যে মহেশখালী-মাতারবাড়ীকে পূর্ণাঙ্গ শিল্প, বাণিজ্য ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এ সময় আধুনিক টাউনশিপের উন্নয়ন সম্পন্ন করার পাশাপাশি উৎপাদন ও শিল্পকারখানা, আন্তর্জাতিক পর্যটন এবং আন্তর্জাতিক সম্মেলন, প্রদর্শনী ও ব্যবসায়িক আয়োজনের জন্য বিশেষ সুবিধা গড়ে তোলা হবে।

জ্বালানি খাতেই আসবে বড় বিনিয়োগ

মিডার পরিকল্পনায় মহেশখালীকে দেশের প্রধান জ্বালানি হাবে পরিণত করতে একাধিক বৃহৎ বিনিয়োগ প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১ হাজার ২০০ একর জমিতে প্রস্তাবিত কমপ্লেক্সটি গড়ে তোলা হবে। এতে দৈনিক দেড় লাখ থেকে দুই লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রাখার পরিকল্পনা রয়েছে। ২০৩১ থেকে ২০৩৬ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১০ বিলিয়ন ডলার।

এতে তেল শোধনাগারের পাশাপাশি পেট্রোকেমিক্যাল উৎপাদন ইউনিট, সিঙ্গেল পয়েন্ট মুরিং এবং সামুদ্রিক অবকাঠামো থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত জ্বালানি ও পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানি-নির্ভরতা কমার পাশাপাশি দেশে নতুন শিল্পের বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মাধ্যমে ১৫৬ একর জমিতে ২ বিলিয়ন ডলার ব্যয়ে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রথম পর্যায়ে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস রিগ্যাসিফিকেশনের সক্ষমতা রাখার পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ের কাজ ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পেট্রোবাংলার অধীনে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগও রয়েছে। জিটুজি মডেলে প্রকল্পটির চুক্তি অনুমোদনের লক্ষ্যমাত্রা নভেম্বর ২০২৬ এবং নির্মাণকাজ শেষ করার লক্ষ্য ২০২৮ সালের জুন।

এলপিজি আমদানি, সংরক্ষণ ও খালাসের সক্ষমতা বাড়াতে পৃথক প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিপিসির অধীনে জিটুজি মডেলে ৫১ একর জমিতে নির্মিতব্য এ প্ল্যান্টের ব্যয় ধরা হয়েছে ১৫০ মিলিয়ন ডলার। ২০২৭ থেকে ২০৩৪ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে ১ হাজার মেট্রিক টন সংরক্ষণ সক্ষমতার পাশাপাশি বছরে ২০ লাখ মেট্রিক টন এলপিজি হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছাড়াবে ৬ হাজার মেগাওয়াট

মহেশখালীর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার প্রথম ও দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ হাজার ৯১২ কোটি টাকা। ২০২৫ সাল থেকে কেন্দ্র দুটি কার্যকর রয়েছে।

এর পাশাপাশি তৃতীয় ও চতুর্থ ইউনিট হিসেবে আরও ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৪ সাল পর্যন্ত মেয়াদে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪২ কোটি টাকা।

৭০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭১৯ কোটি টাকা।

মহাপরিকল্পনার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ কয়লাভিত্তিক ১ হাজার ২০০ মেগাওয়াট এবং সৌরবিদ্যুৎ থেকে ২৩০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে। ২০৪০ সালে কয়লা, এলএনজি, সৌর, বায়ু ও নতুন প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ মিলিয়ে এই হাবের উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৬৬০ মেগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে ৬ হাজার ৬০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এসপিএম চালু হলে বছরে সাশ্রয় ৮০০ কোটি টাকা

মহেশখালীকে জ্বালানি হাবে রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় হয়েছে ৮ হাজার ২১৬ কোটি টাকা।

প্রকল্পটি চালু হলে বড় জাহাজ থেকে অপরিশোধিত তেল ও ডিজেল খালাসের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বর্তমানে যেখানে তেল খালাসে প্রায় ৯ দিন লাগে, সেখানে এসপিএম ব্যবস্থায় তা কমে ৩ দিনে নেমে আসার কথা। অর্থাৎ খালাসের সময় প্রায় ৬৭ শতাংশ কমবে। এতে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের প্রত্যাশা করা হচ্ছে।

মিডার তথ্যমতে, প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বদলাবে বাণিজ্যের চিত্র

মহেশখালী-মাতারবাড়ী মহাপরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। এ বন্দর চালু হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বোচ্চ ১৪ দশমিক ৫ মিটার ড্রাফট বা গভীরতাসম্পন্ন জাহাজ ভেড়ানোর উপযোগী করে তৈরি এ বন্দরে ৩৩৮ মিটার দীর্ঘ এবং ৮ হাজার টিইইউএস ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। বড় জাহাজ চলাচলের পাশাপাশি চট্টগ্রাম ও মোংলা বন্দরের মতো জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জাহাজকে চ্যানেলে অপেক্ষা করতে হবে না।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের প্রথম পর্যায়ে ব্রেকওয়াটার, প্রবেশ চ্যানেল, বেসিন, কনটেইনার টার্মিনাল, মাল্টিপারপাস টার্মিনাল এবং পোর্ট এক্সেস রোড নির্মাণের কাজ এগিয়ে চলছে। প্রকল্পটির সামগ্রিক মেয়াদ জানুয়ারি ২০২০ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত।

পরবর্তী পর্যায়ে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ড্রেজিং, এলএনজি ও এলপিজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর ২০৪১ সালের মধ্যে কোহেলিয়া নদীর মোহনায় দ্বিতীয় পর্যায়ের বাল্ক ও কনটেইনার টার্মিনাল এবং লজিস্টিকস পার্ক গড়ে তোলার রূপরেখা রয়েছে।

গভীর সমুদ্রবন্দরকে জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত করতে ২৭ কিলোমিটার দীর্ঘ পোর্ট এক্সেস রোড নির্মাণ করা হচ্ছে। এতে ১৬ দশমিক ৫ কিলোমিটার সড়ক এবং ১০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ১৪টি সেতু থাকবে। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

ঢলঘাটা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তুতি

শিল্পায়ন ও স্থানীয় কর্মসংস্থান বাড়াতে মিডা ১ হাজার ২৪০ একর জমিতে ১ হাজার ১৯৫ কোটি টাকা ব্যয়ে ঢলঘাটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। ইতোমধ্যে এ অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৫৭০ একর জমি তিনটি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

এখানে প্রশাসনিক ভবন, অভ্যন্তরীণ সড়ক, পানির পাইপলাইন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গ্যাস সংযোগ, বর্জ্য শোধনাগার, সীমানাপ্রাচীর ও পার্কিং সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটির উন্নয়ন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ড্রাইডকে আসবে দেড় বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ

মিডা মাতারবাড়ীতে আন্তর্জাতিক মানের ড্রাইডক বা জাহাজ মেরামত অবকাঠামো নির্মাণের প্রস্তাব করেছে। বেসরকারি ও আন্তর্জাতিক অংশীদারত্বে এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় দেড় বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রাইডক নির্মিত হলে আন্তর্জাতিক মানের জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের সুবিধা তৈরি হবে। এতে স্থানীয় কর্মসংস্থান, নতুন ব্যবসা এবং সামুদ্রিক শিল্পের বিকাশ ঘটবে। একই সঙ্গে বিদেশে জাহাজ মেরামতের জন্য ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রস্তাবিত বিনিয়োগ কাঠামো অনুযায়ী এতে সরকারের সরাসরি আর্থিক দায়ভার থাকার কথা নয়।

বাস্তবায়নে চ্যালেঞ্জ জমি, অর্থায়ন ও ড্রেজিং

বড় বিনিয়োগ ও অবকাঠামো পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি বিষয়কে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বরাদ্দ ও হস্তান্তর, এলএনজি টার্মিনাল এবং গ্যাস পরিবহনের অবকাঠামো নির্মাণ ও বন্দরের প্রবেশ চ্যানেলের নিয়মিত ড্রেজিং নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া এলপিজি খালাসের জন্য জেটি ব্যবহারের বিকল্পও মূল্যায়ন করা হচ্ছে। এর মধ্যে কয়লা জেটি যৌথভাবে ব্যবহার, তেল জেটিকে রূপান্তর অথবা অতিরিক্ত জেটি ব্যবহারের প্রস্তাব রয়েছে।

সব মিলিয়ে, মহেশখালী-মাতারবাড়ী মহাপরিকল্পনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, গভীর সমুদ্রবন্দর, শিল্পায়ন, লজিস্টিকস ও পর্যটনকে একই কাঠামোর আওতায় আনার লক্ষ্য নিয়েছে মিডা। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এ অঞ্চল দেশের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন