রাজধানীর ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচে লাভলি পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনে প্রবেশ করায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি সময় সংবাদকে জানান, সন্ধ্যায় চা খেতে বের হয়ে তিনি মেট্রোস্টেশনের নিচে লাভলি পরিবহনের একটি বাস জ্বলতে দেখেন।
সন্ধ্যা সোয়া সাতটার আগেই আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম জানায়, সন্ধ্যা সোয়া সাতটার আগেই বাসটির আগুন নেভানো হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম, আতঙ্ক
বাসের আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রীর ভাষ্য অনুযায়ী, নিরাপত্তার কারণে পরে মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

