শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবক, বিকল্প যানবাহন পেতেও অপেক্ষা
টানা তিন দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সোমবার সকালে ঢাকার সড়ক থেকে প্রায় উধাও হয়ে গেছে ব্যাটারি রিকশা। প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকায় চলন্ত রিকশা আটকে চালকদের যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
রিকশা আটকে সমাবেশে যাওয়ার চাপ
সোমবার সকালে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় এলাকায় দেখা যায়, কয়েকজন ব্যক্তি চলন্ত রিকশা আটকে চালকদের সমাবেশে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। যাত্রীদের নামিয়ে দিয়ে রিকশা ঘুরিয়ে গ্যারেজে নিতে বলা হচ্ছে। চালকদের ‘অবশ্যই’ সমাবেশে যোগ দিতে বলা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
বছিলা এলাকার রিকশাচালক ইব্রাহিম বলেন, সোমবারের সমাবেশ উপলক্ষে দুদিন ধরে এলাকায় মাইকিং করা হয়েছে। গ্যারেজে গ্যারেজে লিফলেটও বিলি করা হয়েছে। এ সময় তিনি পকেট থেকে একটি লিফলেট বের করে দেখান।
১২ দফা দাবিতে সমাবেশ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও রয়েছে।
লিফলেটে লেখা রয়েছে, “রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।”
ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া এবং বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে। এরপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
রিকশা আটকে চালকদের সমাবেশে যেতে বাধ্য করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “রিকশা আটকানো বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা আমাদের নেই। যারা স্বেচ্ছায় আসতে চান, তাদেরকে আমরা আহ্বান করেছি।”
রিকশা না পেয়ে ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবক
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে সকালে রিকশার অপেক্ষায় থাকা অনেক শিক্ষার্থী ও অভিভাবককে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। কেউ কেউ বিকল্প যানবাহন খুঁজতে গিয়ে সময়মতো স্কুলে পৌঁছাতে পারেননি।
বেসরকারি চাকরিজীবী পারভেজ ইসলাম বলেন, মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো অটোরিকশা পাননি। পরে কিছুটা পথ হেঁটে একটি পার্টনার রিকশা পেয়ে মেয়েকে আসাদ অ্যাভেনিউয়ের ওয়াইডব্লিউসিএ স্কুলে পৌঁছে দেন।
ব্যাংক কর্মকর্তা গোলাম সারোয়ার প্রতিদিন বছিলা থেকে ব্যাটারি রিকশায় মোহাম্মদপুর হয়ে শ্যামলী বা কলেজ গেট এলাকায় যান। সেখান থেকে রাস্তা পার হয়ে আবার ব্যাটারি রিকশায় মেট্রো স্টেশনে যান তিনি।
সোমবার সকালে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অটোরিকশা না পেয়ে অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল ডেকে নেন বলে জানান তিনি।
গোলাম সারোয়ার বলেন, “অ্যাপেও আজকে গাড়ি পাওয়া যাচ্ছে না। অন্তত ৪০ মিনিট অপেক্ষার পর একটা মোটরসাইকেল পেয়েছি।”

