সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

এশিয়ার জলসীমায় প্রতিদিন টহল দিচ্ছে চীনের প্রায় ১০০ যুদ্ধজাহাজ

৪০০টির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন নিয়ে নৌবহর সম্প্রসারণ করছে বেইজিং; চীনের ক্রমবর্ধমান উপস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের।

চীনের নৌ শক্তি ও সামরিক উপস্থিতি ক্রমেই বাড়ছে। দেশটির নৌবাহিনী এখন আর শুধু নিজস্ব উপকূলীয় জলসীমায় সীমাবদ্ধ নেই। দক্ষিণ চীন সাগর থেকে জাপান ও তাইওয়ানের কাছের জলসীমা পর্যন্ত এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও নৌপথে প্রতিদিন চীনের প্রায় ১০০টি যুদ্ধজাহাজ বা নৌযান টহল দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

চীনের এই ক্রমবর্ধমান উপস্থিতি যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। যুদ্ধজাহাজের সংখ্যায় চীন এখন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। দ্রুতগতিতে নৌবহর সম্প্রসারণ করায় চীনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।

যুদ্ধজাহাজের সংখ্যায় এগিয়ে চীন

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর পর্যালোচনা করা মার্কিন সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনের নৌবাহিনীর কাছে বর্তমানে ৪০০টির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে। জাহাজের সংখ্যার হিসাবে এই বহর যুক্তরাষ্ট্রের নৌবহরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বড়।

চীন বর্তমানে তিনটি বিমানবাহী রণতরী পরিচালনা করছে এবং চতুর্থটি নির্মাণ করছে। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, পরবর্তী বিমানবাহী রণতরীটি পারমাণবিক শক্তিচালিত হতে পারে। শান্তিকালীন সময়ে আধুনিক ইতিহাসে নৌবাহিনী সম্প্রসারণের অন্যতম বড় উদ্যোগ হিসেবে চীনের এই কর্মসূচিকে দেখা হচ্ছে।

এশিয়াজুড়ে বিস্তৃত নৌ তৎপরতা

চীনের নৌ তৎপরতা এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ানের আশপাশ, ফিলিপিন্সের পূর্বাঞ্চল এবং জাপানের দক্ষিণ উপকূলে নিয়মিত চলাচল করছে দেশটির যুদ্ধজাহাজ।

পশ্চিম প্রশান্ত মহাসাগরেও নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে চীন। পাশাপাশি এডেন উপসাগরেও নিয়মিত নৌবহর মোতায়েন করছে দেশটি।

নিরাপত্তা কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, যেকোনো সময়ে তাইওয়ানের চারপাশের জলসীমায় চীনের প্রায় ছয়টি যুদ্ধজাহাজ অবস্থান করে। সামরিক মহড়ার সময় এই সংখ্যা আরও বেড়ে যায়।

দক্ষিণ চীন সাগরে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি এর চেয়ে প্রায় তিন গুণ বেশি। এ অঞ্চলের বিভিন্ন দ্বীপ ও জলসীমার মালিকানা নিয়ে ফিলিপিন্স ও ভিয়েতনামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বেইজিংয়ের।

চীনের লক্ষ্য নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

চীনের উচ্চাকাঙ্ক্ষা শুধু যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। দেশটি উপকূলীয় জলসীমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিতর্কিত অঞ্চলগুলোর ওপর নিজেদের দাবি জোরদার এবং ভবিষ্যতে কোনো সংঘাত হলে মার্কিন বাহিনীর হস্তক্ষেপ ঠেকাতে চায়।

এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং দ্রুত নৌবহর সম্প্রসারণের ফলে আঞ্চলিক সামরিক ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ঘিরে বিরোধের প্রেক্ষাপটে চীনের নৌ সক্ষমতা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন