সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

ফেনীতে রেলপথে নাশকতার পরিকল্পনার অভিযোগে দেশীয় অস্ত্র-পাথরসহ আটক ৪

ফেনীর ফাজিলপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনক গতিবিধির কারণে চার যুবককে আটক করেছে আনসার সদস্যরা। তাঁদের ব্যাগ তল্লাশি করে ধারালো দেশীয় ছুরি, রড, পাথর ও ইটপাটকেল উদ্ধার করা হয়েছে। আনসার বাহিনীর দাবি, তাঁদের এ পদক্ষেপে বড় ধরনের রেল নাশকতার পরিকল্পনা নস্যাৎ হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেলওয়ে স্টেশনে ‘অপারেশন রেল সুরক্ষা-২০২৬’-এর আওতায় দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্টেশনে দায়িত্ব পালনকারী অঙ্গীভূত আনসারের এপিসি মো. সিরাজুল ইসলাম এবং সদস্য আরাফাত হোসেন আলভী ও মো. লিটন একদল যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরে কৌশলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আটক চার যুবকের পরিচয়

আটক ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার মুহুরিগঞ্জের ইমরান, তাঁর বাবা আনোয়ার হোসেন; ফরহাদনগরের শাহেদ, তাঁর বাবা আ. মান্নান; টংগীর পাড়ের শাকিব, তাঁর বাবা মো. শাহাজাহান এবং রাজনগরের মহিন, তাঁর বাবা ইকরামুল হক।

আনসার সদস্যরা তাঁদের ব্যাগ তল্লাশি করে ধারালো দেশীয় ছুরি, রড, পাথর ও ইটপাটকেল উদ্ধার করেন।

পুলিশের কাছে হস্তান্তর

আনসার ও ভিডিপির ফেনী জেলা কমান্ড্যান্টের সমন্বয়ে রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আনসার বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রেলপথ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়নসহ ২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন। তাঁদের দাবি, ফাজিলপুর স্টেশনে আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের সম্ভাব্য বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। স্টেশন কর্তৃপক্ষও আনসার সদস্যদের এ পদক্ষেপের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন