রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সৌদি রাজধানীতে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার

হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের, আর্থিক জেলার ভবনটির একাধিক তলায় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা

সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এতে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। রোববার তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট। ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কেএএফডির কথা উল্লেখ করে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আরামকো টাওয়ারে হামলা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’ আরও দুই প্রত্যক্ষদর্শী ভবনটিতে ক্ষয়ক্ষতি দেখেছেন বলে নিশ্চিত করেছেন।

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, আরামকো টাওয়ারের একাধিক তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়েছে। ভবনটির কাচ ভেঙে গেছে এবং সামনের অংশের কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতি দেখা গেছে।

হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘হুতি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

এ সময় সৌদি রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রিয়াদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় ক্ষয়ক্ষতি

কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির অন্যতম দৃশ্যমান নিদর্শন। এলাকাটিতে রয়েছে সুউচ্চ কাচের ভবন, অভিজাত বিপণিবিতান ও সবুজ চত্বর।

আবাসিক ভবনের পাশাপাশি সেখানে রয়েছে একটি বড় মেট্রো স্টেশন। সকালে অফিসগামী মানুষের ভিড়ে স্টেশনটি ব্যস্ত থাকে।

এ গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় হামলার ঘটনা হুতিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

যুদ্ধবিরতি ভাঙার পর পাল্টাপাল্টি হামলা

ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত অবসানে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যায়। এরপর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।

ইরান-সমর্থিত হুতিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এর এক বছর পর দেশটির সরকারকে সমর্থন দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট সংঘাতে জড়ায়।

হুতিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরব মিত্রদের সহায়তা চেয়ে আসছে। সম্প্রতি হুতিরা রিয়াদ-সমর্থিত সরকারের কাছ থেকে লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

সৌদি আরব ও ইয়েমেনে সিরীয় সেনা মোতায়েনের খবর

ইয়েমেনের একাধিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হাজার হাজার সিরীয় সেনা সৌদি আরব ও ইয়েমেনে মোতায়েন হতে যাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন।

এদিকে রিয়াদে কয়েক সপ্তাহ ধরে দূরশিক্ষণ কার্যক্রম চলার পর সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। শনিবার গভীর রাতে এ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই হামলার ঘটনা ঘটে।

নতুন সংঘাতে প্রাণহানি ও বাস্তুচ্যুতি

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দরিদ্র দেশ ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর পর থেকে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লক্ষাধিক মানুষ।

২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর হুতিরা সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের আকাশসীমা উপেক্ষা করে ইরানের একটি বিমানকে রাজধানী সানায় অবতরণের অনুমতি দেয়। এর জেরে ধারাবাহিক হামলা শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে হুতিরা সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। দেশটির জাহাজ, ভূখণ্ড ও তেল স্থাপনায় হামলা শুরু করে তারা। এরপর দ্রুত অভিযান চালিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নেয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন