ডিএইচএল সাপ্লাই চেইনে ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই; পরীক্ষায় উত্তীর্ণ ১১২ জন কর্মী যাবেন মালয়েশিয়ায়
মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। অনলাইনে আবেদন করা ৪ হাজার ২৯ জনের মধ্য থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই প্রার্থী নির্বাচন করা হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে লটারি কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৬ নভেম্বর থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে পাওয়া আবেদনগুলো থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারি সম্পন্ন করা হয়। পুরো কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পরিচালিত হয়েছে।
দুই পদে নির্বাচিত ৩০০ প্রার্থী
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
এই ৩০০ প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে নেওয়া হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
সরকারের কর্মসংস্থান লক্ষ্যে সহায়ক হবে উদ্যোগ
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষিত “জিরো কস্টে” কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।’
স্বচ্ছতা নিশ্চিত করতে লটারিতে বাছাই
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, ‘সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে কাজ করে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগের কর্মীদের ফ্লাইট শুরু হবে।
আরও ৫৫৮ কর্মী পাঠানোর সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং সেক্টরে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে।
এসব কর্মী মেডিকেল ফি, বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তার বহনের সুবিধা নিয়ে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

