শনিবার মধ্যরাতে আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়; একই রাতে মিরপুরেও একটি বাসে আগুন দেওয়া হয়।
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
রাত ১২টা ৫৭ মিনিটে আগুনের খবর
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
একই রাতে মিরপুরেও বাসে আগুন
শনিবার রাতে বাসে আগুনের ঘটনা এটি দ্বিতীয়। এর আগে রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
পুলিশ জানায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসটির জানালা দিয়ে পেছনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে বাসের কর্মীদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বাসটির পেছনের দিকের কয়েকটি আসন পুড়ে যায়।

