সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষ কাটছে গাজীপুরে, কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা

মজুরি বোর্ডের সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতি, কাজে ফিরছেন শ্রমিকরা; নিরাপত্তায় মাঠে ২৫ প্লাটুন বাহিনী

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সরকার গঠিত নতুন ন্যূনতম মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশে মালিক ও শ্রমিক—উভয় পক্ষ সম্মতি দেওয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা। এর ফলে শিল্পাঞ্চলের কলকারখানাগুলো আবার চালু হতে শুরু করেছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, ভবানীপুর ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার শ্রমিকেরা সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছেন।

নবম দিনেও কঠোর নিরাপত্তাব্যবস্থা

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো এবং শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টানা নবম দিনের মতো নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে প্রশাসন।

রোববার (৮ নভেম্বর) শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকারী বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে রয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহরিয়ার নাজির।

তিনি জানান, আগের দিনগুলোর মতো আজও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে মাঠে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি। পাশাপাশি দায়িত্ব পালন করছে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসার সদস্যরা।

শাহরিয়ার নাজির আরও বলেন, র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন। রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি কিংবা জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে না দেওয়ার বিষয়ে প্রশাসন বদ্ধপরিকর।

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, সংঘর্ষ ও কারখানা বন্ধ

গাজীপুরের শিল্পাঞ্চলে গত কয়েক দিন ধরে পোশাকশ্রমিকদের মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিভিন্ন কারখানায় ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

অসন্তোষ চলাকালে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও একটি কারখানার গুদামে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতির কারণে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ সাময়িকভাবে উৎপাদন বন্ধ ও ছুটি ঘোষণা করে।

এ ছাড়া বাংলাবাজার এলাকায় মুঠোফোনে বিক্ষোভ ও ভাঙচুরের ভিডিও ধারণকে কেন্দ্র করে মারধরের শিকার হন পোশাকশ্রমিক তৌফিক হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো

শিল্পাঞ্চলের সংকট নিরসন ও শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। শিল্প খাতের বিদ্যমান বাস্তবতা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বোর্ড বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট সুপারিশ দেয়। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধিরা ওই সুপারিশে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছেন।

সমঝোতার রূপরেখা অনুযায়ী, সরকার ও মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুসারে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকেরা আগামী জানুয়ারি থেকে সমন্বিত ও বর্ধিত বেতন হাতে পাবেন।

সরকারের আশ্বাসের পর শ্রমিকেরা আন্দোলন থেকে সরে এসে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন