সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৯ জন উদ্ধার

উদ্ধারদের মধ্যে দুই কিশোর ও এক কিশোরী, পাচারকারীদের ধাওয়া করে পালাতে বাধ্য করে বিজিবি

টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে নয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারদের মধ্যে কিশোর-কিশোরী

বিজিবি জানায়, উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১৭ ও ১৬ বছর বয়সী দুজন কিশোর এবং ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাকিদের বাড়ি কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলায়।

পাচারকারীদের ধাওয়া, সাগরে পালিয়ে যায় চক্রের সদস্যরা

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য কয়েকজন ব্যক্তিকে জড়ো করা হয়েছে বলে গোপনে খবর পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা দক্ষিণ লম্বরীঘাটে ২০ থেকে ২৫ জনের একটি দলকে দেখতে পান। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করা হয়।

একপর্যায়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য দ্রুত নৌকায় উঠে সাগরের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা নয়জনকে উদ্ধার করা হয়।

জোর করে পাচারের উদ্দেশ্যে আনার অভিযোগ

বিজিবির এ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, তাদের জোর করে পাচারের উদ্দেশ্যে সেখানে আনা হয়েছিল। উদ্ধারের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন