সোমবার, ৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ সাত কারখানায় ছুটি ঘোষণা

জরুন এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ-বিজিবির সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ, আশপাশের কারখানায় উৎপাদন বন্ধ

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। পরিস্থিতির কারণে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এ সময় তারা আশপাশের কারখানাগুলোতে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। তখন কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল।

এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে যান। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

সাত কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, রোববার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল। বেলা ৩টার দিকে একই দাবি জানিয়ে মণ্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসছিলেন। এ সময় আশপাশের ছয় থেকে সাতটি কারখানায় তারা ঢিল ছোড়েন।

পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন। এ সময় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বর্তমানে গাজীপুরের সাতটি কারখানা ছাড়া বাকি সব কারখানায় উৎপাদন চলছে বলে জানান পুলিশ সুপার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন