বিজিবির ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গবাদিপশু, কাপড়, ওষুধ ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম সীমান্তে মাদক, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
গত ৪৮ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। সোমবার সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব পণ্য জব্দ
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ইয়াবা, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

