শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মজুরি আন্দোলনে উত্তপ্ত আশুলিয়া, রাবার বুলেটের আঘাত নিয়ে হাসপাতালে দুই শ্রমিক

জামগড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ; পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত দুই পোশাকশ্রমিক আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

কর্মস্থলে যোগ দিয়ে কর্মবিরতি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটিসহ কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানার শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পুলিশ প্রথমে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত দুই শ্রমিক

একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে আহত দুই শ্রমিক হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তাঁরা দুজনই স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।

একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুই শ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তবে সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ টিবিএসকে বলেন, ‘আমাদের এখানে দুজন পোশাকশ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে রাফিয়া বেগম মাথায় আঘাত পাওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শিল্প পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন