মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শিশুদের জন্য পাউরুটি উৎপাদনে নোংরা পরিবেশ এবং হোটেলে বাসি খাবার সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নেত্রকোণায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বাসি খাবার সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকা ও বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

বেকারি ও হোটেলকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পাউরুটি উৎপাদনের দায়ে বিসিক শিল্প এলাকার ‘এসএস ফুড প্রোডাক্টস’ নামের বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার ‘বিশাল হোটেল’-এ বাসি খাবার সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যান্য দোকানও মনিটরিং

অভিযানকালে হোটেল ও বেকারির পাশাপাশি গ্যাস সিলিন্ডার, সার, বীজ ও কীটনাশকের দোকানও মনিটরিং করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্ধারিত আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে জেলা মার্কেটিং অফিসার আহাদুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন