শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪৫ জেলায় ৯ লাখ টাকা জরিমানা

চাল, ডাল, ভোজ্যতেল ও ফলের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ৬০টি টিমের অভিযান, জরিমানা ১১৯ প্রতিষ্ঠানকে

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬: ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ৪৫টি জেলায় ১১৯টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৪৫টি জেলায় অধিদপ্তরের ৬০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।

নিত্যপণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখার উদ্যোগ

অধিদপ্তর জানিয়েছে, ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

গ্যাস সিলিন্ডারের মজুদ ও বিক্রয়মূল্য যাচাই

অভিযানকালে গ্যাস সিলিন্ডারের মজুদ, নিরাপত্তাবিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা মনিটরিং করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়েও সতর্ক করা হয়।

ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে প্রচার

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। এ সময় প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

বাজার তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

পণ্য কেনার আগে মূল্য ও মেয়াদ যাচাইয়ের পরামর্শ

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার জন্যও অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনা এবং ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন