রবিবার, ৮ নভেম্বর ২০২৬

দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা: ত্রাণমন্ত্রী

ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে খনন করা হবে ৭ হাজার কিলোমিটার, খালের রক্ষণাবেক্ষণেও গুরুত্ব

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (৮ নভেম্বর) লালমনিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

খাল খননে আসছে ‘মডেল খাল’ ধারণা

মন্ত্রী বলেন, খাল খননের ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে কাজ করা হচ্ছে, যার নাম ‘মডেল খাল’। শুধু খাল খনন করে দায়িত্ব শেষ করা হবে না। খালের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করা হবে, যাতে পুনরায় মাটি ভরাট করে খাল দখল করা না হয়।

তিনি বলেন, মহেন্দ্রনগর খালটি ১৯৮০ সালে খনন করা হয়েছিল। কিন্তু বর্তমানে খালটির অস্তিত্ব প্রায় হারিয়ে গেছে। খাল ভরাট করে সেখানে ফসলি জমি ও বাড়িঘর নির্মাণ করা হয়েছে।

ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে বলে জানান ত্রাণমন্ত্রী।

সমবায় দিবসে আলোচনা ও ঋণের চেক বিতরণ

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ও জেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সমবায় অধিদফতরের পক্ষ থেকে দুইজনকে এক লাখ টাকা করে এবং বিআরডিবির পক্ষ থেকে একজনকে দেড় লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়। এ ছাড়া জেলার আটজনকে সমবায়ী সম্মাননা প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন