২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার ৭১৯ কোটি টাকার গ্যাস অপচয়, দুই বছরে ক্ষতি ৫ হাজার ১৪০ কোটি টাকা
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সিস্টেম লস গত চার বছরে বেড়ে প্রায় ১০ শতাংশে পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশে। ক্রমবর্ধমান এই অপচয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি বাড়ছে। শুধু গত দুই অর্থবছরেই সিস্টেম লসের কারণে কোম্পানিটির ক্ষতি হয়েছে ৫ হাজার ১৪০ কোটি টাকা।
তিতাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সিস্টেম লসের আর্থিক মূল্য ছিল ২ হাজার ৭১৯ কোটি টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ ক্ষতির পরিমাণ ছিল ২ হাজার ৪২২ কোটি টাকা।
পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দুই বছরে সিস্টেম লসের কারণে তিতাসের আর্থিক ক্ষতি সরকারের ২০২৫-২৬ অর্থবছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে দেওয়া ১৪ হাজার ৬০০ কোটি টাকার ভর্তুকির এক-তৃতীয়াংশেরও বেশি।
তিতাস নিজস্ব পাইপলাইন ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কাছ থেকে যে পরিমাণ গ্যাস গ্রহণ করে এবং গ্রাহকদের কাছে যে পরিমাণ গ্যাসের বিল করতে পারে, এই দুইয়ের ব্যবধানকে সিস্টেম লস বলা হয়।
চার বছরে সিস্টেম লস প্রায় ১০ শতাংশে
২০১৯-২০ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত তিতাস গ্যাসের সিস্টেম লস ২ শতাংশের মধ্যে ছিল। এটি সরকারের নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যেই ছিল। তবে ২০২২-২৩ অর্থবছর থেকে পরিস্থিতির অবনতি শুরু হয়।
তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে সিস্টেম লস ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। পরের অর্থবছর ২০২৩-২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৬৭ শতাংশে। ২০২৪-২৫ অর্থবছরে এ হার ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।
সরকারি নীতিমালা অনুযায়ী, তিতাসের সিস্টেম লস সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত গ্রহণযোগ্য। এর বেশি ক্ষতির আর্থিক দায় প্রতিষ্ঠানটিকে নিজস্ব তহবিল থেকে বহন করতে হয়।
নিরীক্ষিত প্রতিবেদনে তিতাস জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত সীমার চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট বেশি সিস্টেম লস হয়েছে। এতে বিপুল পরিমাণ গ্যাস কেনার খরচ বহন করলেও সেই গ্যাসের বিপরীতে কোনো রাজস্ব আয় হয়নি। ফলে কোম্পানির মুনাফায় বড় ধরনের প্রভাব পড়েছে।
চার বছরে নিট লোকসান ২ হাজার ২৭৫ কোটি টাকা
সিস্টেম লসের প্রভাব পড়েছে তিতাসের আর্থিক ফলাফলেও। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি ৫৯৫ কোটি টাকা নিট লোকসান করেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ৬ টাকা ২ পয়সায় নেমে এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে নিট লোকসান ছিল ৭৭২ কোটি টাকা।
২০২২-২৩ থেকে ২০২৫-২৬—এই চার অর্থবছরে তিতাসের পুঞ্জীভূত নিট লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ কোটি টাকা।
এত লোকসানের পরও রিটেইন্ড আর্নিংস ও স্থায়ী আমানতের (এফডিআর) সুদের মতো অ-পরিচালন আয় বিবেচনায় নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটি।
নিরীক্ষক প্রতিষ্ঠান একনাবিনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তিতাস মোট ১৫ হাজার ৪২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছে। এর মধ্যে গ্রাহকদের কাছে বিক্রি করতে পেরেছে ১৩ হাজার ৮৯২ মিলিয়ন ঘনফুট। ফলে ১ হাজার ৫৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের বিল করা যায়নি বা তা অপচয় হয়েছে। এর আর্থিক মূল্য ২ হাজার ৭১৯ কোটি টাকা।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৪৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের অপচয় হয়েছিল, যার মূল্য ছিল ২ হাজার ৪২১ কোটি ৭৬ লাখ টাকা।
অবৈধ সংযোগ ও জরাজীর্ণ পাইপলাইন বড় কারণ
তিতাসের কর্মকর্তারা সিস্টেম লস বাড়ার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ, ক্ষয়প্রাপ্ত পাইপলাইন, রাস্তা খোঁড়াখুঁড়ির সময় পাইপলাইনের ক্ষতি, ত্রুটিপূর্ণ মিটার এবং মিটারবিহীন আবাসিক গ্রাহকদের অনুমানভিত্তিক বিলিং।
তিতাস গ্যাসের ভিজিল্যান্স বিভাগের উপমহাব্যবস্থাপক আবু সাদাত মো. সায়েম বলেন, এসব সমস্যা সমাধানে বিভিন্ন প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে স্থায়ী সমাধান এখনও সম্ভব হয়নি। ফলে প্রতিবছর সিস্টেম লস বাড়ছে এবং কোম্পানির আর্থিক ক্ষতি হচ্ছে।
তিনি জানান, তিতাসের বিতরণ নেটওয়ার্কের বড় একটি অংশ ১৯৬০ ও ১৯৭০-এর দশকে স্থাপন করা হয়েছিল। এসব পাইপলাইনের স্বাভাবিক মেয়াদ ৩০ বছর হলেও অনেক আগেই তা পেরিয়ে গেছে।
আবু সাদাত সায়েম বলেন, জরাজীর্ণ পাইপলাইন দিয়ে গ্যাসের লিকেজ বন্ধ রেখে নিরাপদ সরবরাহ বজায় রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া সরকারি সংস্থা ও পৌর কর্তৃপক্ষের ড্রেনেজ নির্মাণ বা খননকাজের সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘ সময় ধরে গ্যাস বের হতে পারে।
তবে তাঁর মতে, অবৈধ সংযোগই গ্যাস অপচয়ের সবচেয়ে বড় উৎস। আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলে মূল লাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। এনফোর্সমেন্ট দল সংযোগ বিচ্ছিন্ন করার পর স্থানীয় অসাধু চক্র আবারও তা স্থাপন করছে। এ ধরনের কার্যক্রম ঠেকানো কঠিন হয়ে পড়েছে।
এ ছাড়া জিটিসিএলের ২৭টি হাই-প্রিসিশন মিটার এবং তিতাসের বিতরণ নেটওয়ার্কে থাকা প্রায় ১ হাজার ৫০০টি সেকেন্ডারি মিটারের পরিমাপে অমিল থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
আবাসিক গ্রাহকের বিলিং পদ্ধতিতেও ঘাটতি
মিটারবিহীন আবাসিক গ্রাহকদের জন্য নির্ধারিত বিলিং পদ্ধতিকেও সিস্টেম লসের অন্যতম কারণ হিসেবে দেখছে তিতাস। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ২০২২ সালের নিয়ম অনুযায়ী, এক চুলার গ্রাহকের মাসিক গ্যাস ব্যবহার ৫৫ ঘনমিটার এবং দুই চুলার গ্রাহকের ক্ষেত্রে ৬০ ঘনমিটার ধরে বিল করা হয়।
তবে তিতাসের কর্মকর্তাদের মতে, বাস্তবে অনেক ক্ষেত্রে গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারিত হিসাবের চেয়ে বেশি হয়। ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে একটি চুলার সংযোগ ব্যবহার করে একাধিক ভাড়াটিয়া পরিবার রান্না করে। আবার পানি ফোটানো ও বাণিজ্যিক কাজেও অনেক সময় চুলা দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখা হয়।
২০২৩ সালে বিইআরসির কাছে দেওয়া এক প্রস্তাবে তিতাস প্রিপেইড মিটার পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত এক চুলার মাসিক গ্যাস ব্যবহারের প্রাক্কলিত সীমা ৭৬ দশমিক ৬৫ ঘনমিটার এবং দুই চুলার ক্ষেত্রে ৮৮ দশমিক ৮৮ ঘনমিটার করার আবেদন জানিয়েছিল। তবে সেই প্রস্তাব এখনও বাস্তবায়িত হয়নি।
টার্নওভার ট্যাক্সের বাড়তি চাপ
তিতাস গ্যাসের অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো. নূর হোসেন খান বলেন, বিদ্যমান কর কাঠামো কোম্পানির নিট মুনাফার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
তিনি বলেন, সিস্টেম লসের বাইরে কর কাঠামোও কোম্পানির জন্য বড় ধাক্কা। পরিচালন খাত থেকে আয় কমে যাওয়ায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া এবং কোম্পানির কার্যক্রম সচল রাখতে এফডিআরের মতো অ-পরিচালন আয়ের ওপর নির্ভর করতে হচ্ছে।
ফাইন্যান্স অ্যাক্ট ২০২৬ অনুযায়ী, তিতাসের করপোরেট আয়করের হার ২০ শতাংশ। তবে আইনের ১৬৩ ধারা অনুযায়ী, হিসাব করা করপোরেট করের পরিমাণ টার্নওভারের নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে ন্যূনতম টার্নওভার ট্যাক্স দিতে হয়।
২০২৫-২৬ অর্থবছরে কর-পূর্ব নিট লোকসান হওয়ায় তিতাসের সাধারণ আয়কর প্রযোজ্য ছিল না। তা সত্ত্বেও মোট বিক্রির পরিমাণের ভিত্তিতে কোম্পানিটিকে টার্নওভার ট্যাক্স দিতে হয়েছে। ফলে পরিচালন আয় কমে গেলেও বড় অঙ্কের করের ব্যয় বহন করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

