সৈয়দপুর রেলওয়ে স্টেশনে জানালা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় কয়েকজন যুবক; তাদের ধরতে গিয়ে প্রাণ হারান প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে থামলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় কয়েকজন যুবক জানালা দিয়ে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের ধরতে ট্রেন থেকে নেমে তাদের ধাওয়া করেন আব্দুর রাজ্জাক। এরই মধ্যে ট্রেনটি ছেড়ে দিলে সেটির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

