বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে বহুমুখী উদ্যোগ সরকারের: মাহদী আমিন

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নিজস্ব গ্যাস অনুসন্ধান, এফএসআরইউ স্থাপন ও কয়লার সম্ভাব্যতা যাচাই চলছে: মাহদী আমিন

দেশের জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি পোশাক শিল্পকে নীতিগত সহায়তা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা কমানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব জ্বালানি সম্পদ অনুসন্ধান ও ব্যবহার সম্প্রসারণে কাজ চলছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মাহদী আমিন।

সৌরবিদ্যুৎ উৎপাদনে ৪ হাজার মেগাওয়াটের লক্ষ্য

জ্বালানি রূপান্তর ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন বলেন, সোলার প্যানেল উৎপাদন এবং সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ কর অব্যাহতিসহ বিভিন্ন ধরনের নীতিগত সহায়তা দেওয়া শুরু হয়েছে। সরকারের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, বরং সৌরবিদ্যুৎ খাতকে ঘিরে একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা।

তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে দ্রুততম সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।

নিজস্ব গ্যাস অনুসন্ধান ও জ্বালানি সার্বভৌমত্ব

জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে।

এসব উদ্যোগের মাধ্যমে দেশের নিজস্ব জ্বালানি সম্পদের ব্যবহার বাড়ানো এবং বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য রয়েছে সরকারের।

বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি

শিল্প খাতে টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে মাহদী আমিন বলেন, বর্জ্যকে কেবল অপসারণের বিষয় হিসেবে দেখলে চলবে না। আধুনিক বৈশ্বিক পদ্ধতি অনুসরণ করে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদনের মাধ্যমে একে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করতে হবে।

এ পদ্ধতি দেশের সব শিল্প খাতে প্রয়োগের তাগিদ দেন তিনি। তাঁর মতে, এতে একদিকে পরিবেশের ওপর চাপ কমবে, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনাও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ হয়ে উঠতে পারে।

পোশাক শিল্পে নীতিগত সুরক্ষা ও রপ্তানি বহুমুখীকরণ

দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি হিসেবে পোশাক শিল্পের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এ খাতের যে সূচনা হয়েছিল, সেই সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করেই বর্তমান সরকার পোশাক শিল্পকে নীতিগত সুরক্ষা দিচ্ছে।

তবে শুধু পোশাক খাতের ওপর নির্ভরশীল না থেকে রপ্তানি পণ্যের ঝুড়ি সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শ্রমিকের অধিকার সুরক্ষা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

মাহদী আমিন জানান, দেশে এককভাবে পোশাক খাতেই প্রায় ৩০০টি ‘লিড সার্টিফায়েড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে। তাঁর মতে, এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার

সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে।

পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন