বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালীতে নৌ মাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে আগুন

ইরানের সেনাবাহিনীর দাবি, নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর এ দুর্ঘটনা; যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান

হরমুজ প্রণালীতে সাগরের তলদেশে পুঁতে রাখা নৌমাইনে আঘাত করার পর একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

বুধবার (১১ নভেম্বর) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে তেহরান। এর মধ্যেই নৌমাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন লাগার খবর জানাল দেশটি।

হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান।

তেহরানের দাবি, এই নৌপথ দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অনুমোদিত রুট ব্যবহার করতে হবে।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে সহায়তা করছে মার্কিন বাহিনী।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিষিদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগ ইরানের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর নৌবাহিনী জানায়, ‘আজ ভোরে হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলের একটি অনিরাপদ ও নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত হানার পর আগুন ধরে যায়।’

গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালীতে একাধিক জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে তেহরান। এসব ঘটনার ক্ষেত্রে প্রায়ই জাহাজগুলো নৌমাইনে আঘাত পেয়েছিল বলে দাবি করেছে ইরান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন