প্রথম দিনের আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলছে যুক্তরাষ্ট্র, দোনেৎস্কের নিয়ন্ত্রণ ও যুদ্ধপরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে মতপার্থক্য
ইউক্রেইন যুদ্ধ অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হয়েছে। আলোচনার প্রথম দিনকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
প্রায় নয় মাস পর মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেইনের শীর্ষ কর্মকর্তারা সরাসরি একই টেবিলে মুখোমুখি বৈঠক করলেন। এর আগে ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবিতে দুই পক্ষের মধ্যে দুই দফা আলোচনা হয়েছিল।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি, ইরান যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংকট এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কারণে দীর্ঘদিন ধরে শান্তি আলোচনা কার্যত বন্ধ ছিল। মঙ্গলবারের বৈঠকের মধ্য দিয়ে সেই অচলাবস্থা ভাঙল।
বিবিসি জানায়, চার ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা শেষে কিইভ ও মস্কোর শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দেননি।
তবে আলোচনায় সরাসরি উপস্থিত না থাকলেও দিনটির অগ্রগতিকে ‘খুবই ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার আবারও শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
কুশনারের মধ্যস্থতা, যুদ্ধপরবর্তী নিরাপত্তায় গুরুত্ব
রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ অবসানে তাৎক্ষণিক বড় কোনো অগ্রগতির সম্ভাবনা এখনো সীমিত।
তবে মার্কিন কর্মকর্তারা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধপরবর্তী পরিস্থিতিতে পূর্ব ইউক্রেইনের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সে বিষয়ে মস্কো ও কিইভ উভয় পক্ষই পর্দার আড়ালে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে।
মঙ্গলবার আলোচনার শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার প্রতিনিধিদের জানান, যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যকার মতপার্থক্য অনেকটা কমিয়ে এনেছে।
বিস্তারিত প্রকাশ না করলেও তিনি আশা প্রকাশ করেন, আলোচনা এমন একটি সমাধানের দিকে এগোবে, যা যুদ্ধ অবসানের পথ তৈরি করতে পারে।
এর আগে কুশনার জানিয়েছিলেন, উভয় দেশের যুদ্ধপরবর্তী নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো সমাধানের ওপরই বৈঠকের মূল মনোযোগ থাকবে।
মূল বৈঠকের ফাঁকে কুশনার এবং ট্রাম্পের বিশেষ শান্তি দূত স্টিভ উইটকফ ইউক্রেইন ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট নেটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পার্শ্ববৈঠক করেন।
শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ
শান্তি আলোচনা থেকে এতদিন ইউরোপীয় নেতাদের মূলত বাইরে রাখা হয়েছিল। তবে নিজেদের মহাদেশের নিরাপত্তা নিয়ে কোনো সিদ্ধান্ত যেন তাদের বাদ দিয়ে না হয়, সে জন্য আলোচনায় অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছেন ইউরোপের নেতারা।
মার্কিন প্রশাসনও বিষয়টিকে সমর্থন করছে। প্যারিস সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেন, দীর্ঘমেয়াদে সংকটের টেকসই সমাধানে ইউরোপীয়রা অবিচ্ছেদ্য অংশ।
তবে এক মার্কিন কর্মকর্তা জানান, ইউরোপীয়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার অতীত অভিজ্ঞতা বেশ তিক্ত।
অন্যদিকে, শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে নিঃশর্ত যুদ্ধবিরতির যে প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা সমর্থন করছেন, মস্কো তা বরাবরের মতো নাকচ করে আসছে।
মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট জানিয়ে দেন, সাময়িক যুদ্ধবিরতি হলে কিইভ কেবল নিজেদের বাহিনী পুনর্গঠনের সুযোগ পাবে।
ল্যাভরভ বলেন, “আমরা এতে কোনোভাবেই রাজি হব না।”
দোনেৎস্কের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ
সংঘাত অবসানের পথে প্রধান বিরোধ ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল নিয়ে।
মস্কোর দাবি, ইউক্রেইনের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্কের বাকি অংশও ছেড়ে দিতে হবে। অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে বর্তমান যুদ্ধরেখা অপরিবর্তিত রাখতে চায় কিইভ।
প্রকাশ্যে দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলেও এক মার্কিন কর্মকর্তা জানান, পর্দার আড়ালে উভয় পক্ষই কিছুটা নমনীয়তা দেখাচ্ছে।
তবে যুদ্ধপরবর্তী একটি সার্বিক নিরাপত্তা কাঠামো চূড়ান্ত না হলে ভূখণ্ডগত সমস্যার সমাধান সম্ভব নয় বলে সতর্ক করেছেন ওই কর্মকর্তা।
ইউক্রেইনের প্রধান চাওয়া, ভবিষ্যতে আবার হামলার মুখে পড়লে পশ্চিমা মিত্রদের কাছ থেকে সহায়তার নিশ্চয়তা পাওয়া। অন্যদিকে, রাশিয়ার লক্ষ্য পূর্ব ইউরোপে নেটোর প্রভাব কমানো।
নিরাপত্তা কাঠামোয় হটলাইন ও নেটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবনের প্রস্তাব
যুদ্ধপরবর্তী নিরাপত্তা কাঠামোর রূপরেখায় সংকটকালীন সরাসরি হটলাইন চালুর প্রস্তাব রাখা হয়েছে।
এ ছাড়া ২০২২ সাল থেকে অকার্যকর হয়ে থাকা ‘নেটো-রাশিয়া কাউন্সিল’ পুনরায় সক্রিয় করার প্রস্তাবও রয়েছে।
তবে ভূখণ্ডগত বিরোধ, যুদ্ধবিরতির শর্ত এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো ভিন্ন। এসব মতপার্থক্য কাটিয়ে আলোচনায় কতটা অগ্রগতি হয়, তা জানতে বুধবারের বৈঠকের দিকে নজর থাকবে।

