দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৯৫; চলতি বছরে নিশ্চিত রোগী প্রায় ২৫ হাজার
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৪১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে অথবা হামের উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চার শিশুর মৃত্যু
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকার একজন, সিলেটের দুজন এবং চট্টগ্রামের একজন রয়েছে।
দেশে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ শিশুর।
নিশ্চিত হাম রোগী প্রায় ২৫ হাজার
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১৫৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে ১ হাজার ৩৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৮০ জনে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন।
হাসপাতালে ভর্তি ২ লাখ ১৮ হাজারের বেশি
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

