বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

দুজনেরই বয়স ১০ মাস; গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৫৭ শিশু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়ার সঙ্গে সন্দেহজনক হামের কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুরই বয়স ১০ মাস।

কিশোরগঞ্জের দুই শিশুর মৃত্যু

মারা যাওয়া শিশুদের একজন মেয়ে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিলগাঁও এলাকায়। গত ৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

অন্য শিশুটির বাড়ি কিশোরগঞ্জের বিলবলুয়া এলাকায়। গত ৮ নভেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৭২ শিশু

হাসপাতালের দেওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭২ শিশু।

চলতি বছরে মৃত্যু ৮৭ শিশুর

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছে ৮৭ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ জন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন