বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কিডনি রোগীদের সেবা অব্যাহত রাখতে স্যান্ডরের চুক্তি বাড়ল ৬ মাস

সরকারি ডায়ালাইসিস ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সেবা অব্যাহত থাকবে; চিকিৎসা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি ডায়ালাইসিস ব্যবস্থার রূপান্তরকালীন সময়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে ঢাকা ও চট্টগ্রামের দুটি সেন্টারে ভারতীয় প্রতিষ্ঠান ‘স্যান্ডর মেডিকেইডস প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। রোগীদের চিকিৎসা ঝুঁকি এড়ানো এবং মানবিক দিক বিবেচনায় জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সরকারি ডায়ালাইসিস ব্যবস্থা চালুর প্রস্তুতি

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিজস্ব সক্ষমতায় ফিরিয়ে আনতে নতুন ডায়ালাইসিস মেশিন সংগ্রহের কাজ শুরু করেছে সরকার। তবে মেশিনের সঠিক ক্যাটাগরি নির্ধারণ এবং সেগুলো মাঠপর্যায়ে সচল করতে আরও কিছুটা সময় লাগতে পারে।

তিনি বলেন, এ মধ্যবর্তী সময়ে ঢাকা ও চট্টগ্রামের সেন্টারগুলোতে নিয়মিত ডায়ালাইসিস নেওয়া শত শত দরিদ্র রোগীর চিকিৎসা যেন এক দিনের জন্যও ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোগীদের চিকিৎসাসেবা সুরক্ষিত রাখাই এই মুহূর্তে সরকারের মূল অগ্রাধিকার।

আগের নিয়মেই সেবা পাবেন রোগীরা

নতুন সরকারি ডায়ালাইসিস ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত রোগীরা আগের নিয়মেই স্যান্ডরের সেন্টারগুলোতে কম খরচে যত্নসহকারে সেবা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসাসেবা নিয়ে রোগীদের কোনো ধরনের বিভ্রান্তি বা আতঙ্কের শিকার না হওয়ার আহ্বান জানান তিনি।

চুক্তি বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন: স্যান্ডর

স্যান্ডর চট্টগ্রামের জিএম (এডমিন) নাজমুল হাসান বলেন, ছয় মাস চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো চিঠি পাননি তারা।

২০১৫ সালে ১০ বছরের চুক্তি

২০১৫ সালে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তর ভারতের স্যান্ডর মেডিকেইডসের সঙ্গে ১০ বছর মেয়াদি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তি করে। চুক্তির মেয়াদ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল।

জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) দুটি সেন্টারের ওপর ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৫০০ কিডনি রোগী সম্পূর্ণ নির্ভরশীল।

চুক্তির মেয়াদ হঠাৎ শেষ হয়ে গেলে রোগীরা বিপাকে পড়তে পারেন—এমন আশঙ্কায় সম্প্রতি ভুক্তভোগী রোগী ও তাঁদের স্বজনরা নিরবচ্ছিন্ন ডায়ালাইসিস সেবা চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেন এবং আবেদন জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন