স্বাস্থ্য খাতে টেকসই পরিবর্তনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততার বিকল্প নেই, ৬৪ জেলায় ১২৮ জন বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব
শুধু সাময়িক সমস্যা মোকাবিলা করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে হলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতি নির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় যুক্ত করার কোনো বিকল্প নেই।
আজ রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ প্রমুখ।
সংকট মোকাবিলায় সাময়িক পদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান
স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত বলেন, কোনো রোগ বা মহামারি প্রকট আকার ধারণ করলে সেখানে সাময়িক মলম দেওয়ার প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর গত আট মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়কে মূলত বিভিন্ন সংকটের পেছনে দৌড়াতে হয়েছে, ফায়ার ফাইটিং করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, ‘সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ২ কোটি শিশুর কাছে মাত্র এক মাসের মধ্যে টিকা ও কোল্ড চেইন নিশ্চিত করে পৌঁছে দেওয়া কোনো সহজ কাজ ছিল না। এটি কোনো ক্লিনিশিয়ানের একার কাজ নয়, এর জন্য প্রয়োজন পড়েছে দক্ষ পাবলিক হেলথ স্পেশালিস্টদের নিখুঁত অপারেশনাল ও লজিস্টিক প্ল্যানিং।’
৬৪ জেলায় ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব
স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও মনিটরিং সাজানো গেলে স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে যেত।
তিনি বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা থাকলেও স্বাধীনতার ৫৪ বছরে সরকারি খাতে তা এখনো সমান সমান বা একজন চিকিৎসকের বিপরীতে একজন নার্সে আটকে আছে।
ড. এম এ মুহিত বলেন, এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হসপিটাল ম্যানেজমেন্টের বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারে সরকারের পরিকল্পনা
সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মূল ভিত্তিই হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা।
এম এ মুহিত বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা রয়েছে, তাদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতার আলোকে রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার কাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরই করতে হবে।
নিপসমের গবেষণা ও প্রশিক্ষণ আধুনিকায়নের তাগিদ
নিপসম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। এটি ফিরিয়ে আনা জরুরি।
ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রটির আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়ন করে শিক্ষার্থীদের সরাসরি মাঠে গিয়ে কাজের অভিজ্ঞতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে সরকার
সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য হলো প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। সেই জায়গায় প্রতিমন্ত্রী জোর দিচ্ছেন এবং সরকারের লক্ষ্য অর্জনে এর বিকল্প নেই।

