অনিয়মিত পথে বিদেশযাত্রার চেষ্টাকারী সবাই অপরাধী নন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব; অপরাধী চক্র শনাক্তের পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের সুরক্ষার আহ্বান
‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’-এ অভিবাসী চোরাচালানকে পৃথক ও স্বতন্ত্র অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই মানবপাচার ও অভিবাসী চোরাচালানের মধ্যে পার্থক্য যথাযথভাবে চিহ্নিত করে অপরাধের ধরন অনুযায়ী কার্যকর তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
শনিবার (১৪ নভেম্বর) নতুন আইনটি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় তিনি আরও বলেন, অনিয়মিত পথে বিদেশে যাওয়ার চেষ্টা করা প্রত্যেক ব্যক্তিকে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয়। তাঁদের অনেকেই প্রতারণা, শোষণ কিংবা মানবপাচারের শিকার হতে পারেন। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত, সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
অপরাধী চক্র শনাক্তে সমন্বিত উদ্যোগের আহ্বান
সিনিয়র সচিব বলেন, অভিবাসী চোরাচালান একটি সংঘবদ্ধ ও আন্তঃদেশীয় অপরাধ। এ ধরনের অপরাধ মোকাবিলায় শুধু সীমান্তে নজরদারি বাড়ানো যথেষ্ট নয়। ভিসা ও কাগজপত্র জালিয়াতি, দালাল ও মধ্যস্থতাকারী এবং এর পেছনে থাকা বৃহত্তর অপরাধী চক্র শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ব্রিটিশ হাইকমিশন ও জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অভিবাসী চোরাচালান, ভিসা ও কাগজপত্র জালিয়াতি, অপরাধী চক্র শনাক্তকরণ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং আন্তঃসংস্থা সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নতুন আইনের প্রয়োগ ও বিচারিক প্রক্রিয়ায় গুরুত্ব
কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রতিনিধিরা এবং ব্রিটিশ হাইকমিশনের জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্সবিষয়ক কাউন্সেলর রায়ান ডানকানসন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। তিনি নতুন আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং মাঠপর্যায়ে আইনটির প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আইন ও বিচার বিভাগের সলিসিটর উইংয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন নতুন আইনের বিভিন্ন বিধান তুলে ধরেন। চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান মামলাগুলো বিচারিক রায় পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সঠিকভাবে মামলা দায়েরের গুরুত্ব তুলে ধরেন। অভিবাসী চোরাচালানসংক্রান্ত মামলায় নিজের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি পুলিশ ও বিচারকদের জন্য কার্যকর ভিত্তি তৈরিতে নতুন আইনটি কীভাবে সহায়ক হবে, সে বিষয়েও আলোচনা করেন তিনি।
প্রতারণামূলক নিয়োগ ও ভুয়া কাগজপত্রের ঝুঁকি
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থান ও অভিবাসনের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধী চক্র প্রতারণামূলক নিয়োগ, ভুয়া ভিসা ও কাগজপত্র তৈরি এবং অবৈধ পথে বিদেশে পাঠানোর মতো কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব অপরাধের ধরন ক্রমেই জটিল ও আন্তঃদেশীয় হয়ে উঠছে।
তাই শুধু বিচ্ছিন্ন ঘটনা মোকাবিলা না করে অপরাধী নেটওয়ার্ক, অর্থনৈতিক লেনদেন, মধ্যস্থতাকারী এবং সীমান্তপারের যোগসূত্র চিহ্নিত করা প্রয়োজন বলে মত দেন তাঁরা।
আন্তঃসংস্থা সহযোগিতা ও ভুক্তভোগী সুরক্ষায় জোর
নতুন আইনের কার্যকর বাস্তবায়নে মাঠপর্যায়ের সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, ইমিগ্রেশন, তদন্তকারী সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে তথ্য এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় নতুন আইনের গুরুত্বপূর্ণ বিধান—বিশেষ করে অভিবাসী চোরাচালান, সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটন, ভিসা ও কাগজপত্র জালিয়াতি এবং সংশ্লিষ্ট অপরাধ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিবাসী চোরাচালানের ঘটনা ও সম্ভাব্য ভুক্তভোগী শনাক্তকরণ এবং তদন্তের ব্যবহারিক পদ্ধতিও তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা নতুন আইনের আলোকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ, আন্তঃসংস্থা সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ভুক্তভোগীদের সুরক্ষা ও সহায়তার ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে মতামত দেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন আইনটির মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন এবং বিশেষ করে অভিবাসী চোরাচালান মোকাবিলায় সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের চলমান প্রচেষ্টার অংশ এ কর্মশালা।

