রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সরকারি জমি দখল ও প্রতারণার অভিযোগে জঙ্গল সলিমপুরে নজরদারি

দলিলের জমির দাগ ও বাস্তব দখলের মধ্যে অসংগতি রয়েছে বলে দাবি পুলিশের। সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগও অস্বীকার করে বিষয়টি তদন্তের কথা জানিয়েছে সংস্থাটি।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জমি কেনাবেচার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলেছে জেলা পুলিশ। এ এলাকায় জমি কেনা এবং বিজিবি ক্যাম্প অপসারণের দাবিতে মানববন্ধন করায় পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন—সংবাদ সম্মেলনে মীর মো. হাসানের এমন অভিযোগকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বক্তব্যে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মীর মো. হাসানের বক্তব্যের পেছনে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর প্ররোচনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

জমির দলিল ও দখল নিয়ে অসংগতি

জেলা পুলিশের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি মীর মোহাম্মদ হাসান ও আসিফুল ইসলাম তাঁদের কেনা জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে এবং এ বিষয়ে সহযোগিতা চাইতে পুলিশ সুপারের কার্যালয়ে যান। তাঁদের দেওয়া দলিল এবং পুলিশের কাছে থাকা ভূমি-সংক্রান্ত তথ্য পর্যালোচনায় জমির পরিমাণ, দলিলে উল্লেখিত দাগ ও বাস্তবে তাঁদের দখলে থাকা জমির অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া যায়।

পুলিশ জানায়, তথ্য ও কাগজপত্র পর্যালোচনার পর তাঁরা এবং আরও কয়েকজন ব্যক্তি জঙ্গল সলিমপুরে জমি কেনাবেচার নামে প্রতারণার শিকার হয়েছেন বলে জানান। একপর্যায়ে জমির বিষয়ে বন্দোবস্ত পাওয়ার সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে সহযোগিতা চান তাঁরা।

এ সময় জমির প্রকৃত মালিকানা, দখল, সীমানা ও বন্দোবস্তের বিষয়টি নির্ধারণে জেলা প্রশাসন এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয় বলে জানায় পুলিশ।

দলিলের জমি এক দাগে, দখল অন্য দাগে

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর মৌজার বিএস ১৯ নম্বর খতিয়ানের ২০১, ২৩৩ ও ২৪১ নম্বর দাগে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মো. ইয়াসিন ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এসব দাগের কিছু জমি কেনেন। পরে ওই জমির ভিত্তিতে বিভিন্ন নামজারি খতিয়ান সৃষ্টি হয়।

পুলিশের দাবি, এসব জমির দলিল ও নামজারির কাগজপত্র দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হলেও অনেক ক্রেতাকে বাস্তবে বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমিতে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ, দলিলে এক দাগের ব্যক্তি মালিকানাধীন জমির বিবরণ থাকলেও ক্রেতাদের বসতি ও স্থাপনা গড়ে উঠেছে অন্য দাগের সরকারি খাসজমিতে।

পুলিশের ভাষ্য, এভাবে দলিলের জমি ও বাস্তব দখলের অবস্থানের মধ্যে অসংগতি তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের বরাতে জেলা পুলিশ জানায়, ভুক্তভোগীদের চাপের মুখে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৭৪টি দলিল সম্পাদন করা হয়। এর মধ্যে বিএস ২০১ নম্বর দাগে ৬৬টি দলিলে ২৪৬ দশমিক ৭৫ শতক, ২৩৩ নম্বর দাগে সাতটি দলিলে ২৭ শতক এবং ২৪১ নম্বর দাগে একটি দলিলে এক শতক জমির বিবরণ রয়েছে। সব মিলিয়ে জমির পরিমাণ ২৭৪ দশমিক ৭৫ শতক।

হাসান ও আসিফুলের জমির দাবি নিয়ে পুলিশের বক্তব্য

সংবাদ সম্মেলনে মীর মো. হাসান দাবি করেন, ২০১৮ সালে তিনি জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি কিনেছেন। তবে জেলা পুলিশের বক্তব্য অনুযায়ী, তাঁর দলিলে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর বিএস ২০১ নম্বর দাগে মাত্র এক শতক জমি কেনার তথ্য রয়েছে। ওই জমির নামজারি ও বাস্তব দখলও তিনি এখনো বুঝে পাননি বলে পুলিশ জানিয়েছে।

একইভাবে আসিফুল ইসলাম ২০১৭-১৮ সালে প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করলেও প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনিও একই তারিখে বিএস ২০১ নম্বর দাগে মাত্র চার শতক জমির দলিল পেয়েছেন।

অন্যদিকে, তাঁদের দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় তাঁরা দীর্ঘদিন ধরে জমির দখলে থেকে পাহাড় কেটে সমতল করেছেন এবং সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। তবে প্রাথমিকভাবে তাঁদের দখল করা জমি বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমি বলে জানা গেছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জঙ্গল সলিমপুরে সরকারি উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রম

জেলা পুলিশের বক্তব্যে বলা হয়, জঙ্গল সলিমপুরের মোট জমির প্রায় ৯০ শতাংশ সরকারি খাসজমি। দীর্ঘদিন ধরে সেখানে সরকারি জমি অবৈধভাবে দখল, পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং জমি কেনাবেচার নামে প্রতারণার অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, অতীতে অপরাধী চক্রের প্রভাবের কারণে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালনে বাধার মুখে পড়েছেন। দায়িত্ব পালনের সময় একজন র‍্যাব সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, বর্তমানে সরকারের উদ্যোগে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরকারি খাসজমির সুষ্ঠু ব্যবহার এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রম চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এলাকায় ছয়টি সড়কের কাজ একযোগে চলমান রয়েছে। পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

জেলা পুলিশের ভাষ্য, সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা বা তাঁদের বৈধ সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া সরকারের উদ্দেশ্য নয়। সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করা, প্রকৃত ভূমি মালিকদের অধিকার সুরক্ষা, অপরাধ দমন এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এসব কার্যক্রমের লক্ষ্য।

অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার কথা পুলিশের

জেলা পুলিশের বক্তব্যে আরও অভিযোগ করা হয়, জঙ্গল সলিমপুরে ভূমি দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্রশাসনের বিরুদ্ধে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের।

এ ছাড়া অর্থের বিনিময়ে কিছু নারীকে ব্যবহার করে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপনের অভিযোগও করেছে জেলা পুলিশ।

পুলিশের দাবি, মীর মো. হাসানের সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলা হলেও সেখানে ঘটনার পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরা হয়নি। এ ধরনের বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে সংস্থাটি। তবে অভিযোগের পেছনে কারা জড়িত, তা অনুসন্ধান করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জঙ্গল সলিমপুরবাসীর প্রতি পুলিশের আহ্বান

জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমের যাচাইবিহীন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। জমির প্রকৃত দাগ, খতিয়ান, দলিল, নামজারি ও মৌজা নকশা যাচাই করার পাশাপাশি প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ভূমি অফিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কাজে যুক্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতিও সংবেদনশীল এ বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, দলিল, ভূমি রেকর্ড ও বাস্তব অবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন