রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ক্যাবল চুরির চেষ্টা, উদ্ধার ২০০ কেজি

আনসার সদস্যদের তৎপরতায় চুরি করতে নেওয়া বৈদ্যুতিক ক্যাবল ফেলে পালাল ৫-৬ জনের চোরচক্র

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করেছে সংঘবদ্ধ একটি চোরচক্র। তবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি করতে নেওয়া প্রায় ২০০ কেজি মূল্যবান বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়েছে। এ সময় আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের ৫-৬ জন সদস্য ক্যাবল ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের সিপিজিসিবিএল আনসার গার্ডের ৪ নম্বর ওয়াচ টাওয়ারসংলগ্ন উত্তর মুহুরীঘোনা পোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

যেভাবে টের পান আনসার সদস্যরা

ঘটনার সময় পোস্টে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. আবু সাইদ আরমান। তিনি চোরচক্রের সদস্যদের ক্যাবল চুরির চেষ্টা টের পেয়ে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা টহলে নিয়োজিত এপিসি মো. গোলাম জিন্দানি ও আনসার সদস্য মো. এমজাত হোসেনকে বিষয়টি জানান।

খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। আনসার সদস্যদের উপস্থিতি ও তৎপরতা বুঝতে পেরে চোরচক্রের সদস্যরা চুরি করতে নেওয়া ক্যাবল ফেলে পালিয়ে যায়।

উদ্ধার করা ক্যাবল হস্তান্তর

পরে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ কেজি মূল্যবান বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধার করা ক্যাবল যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ সুরক্ষায় আনসার সদস্যদের সতর্কতা, সমন্বিত উদ্যোগ ও তাৎক্ষণিক পদক্ষেপকে দায়িত্বনিষ্ঠা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। জননিরাপত্তা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন