বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের এ জেলায় সফরে গিয়ে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সকালেই হেলিকপ্টারে লালমনিরহাট যাত্রা

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

পরে দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন