সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সড়কের চাপ কমাতে রেলপথে পণ্য পরিবহনে সরকারের বড় পরিকল্পনা

মিটারগেজ লোকোমোটিভের সংকট কাটাতে এআইআইবির ঋণে বড় বিনিয়োগ; মেয়াদোত্তীর্ণ ১১৫ ইঞ্জিনের বিপরীতে নতুন ৩০টি যুক্ত হলে যাত্রী ও মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ বাড়বে

দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো এবং দীর্ঘদিনের ইঞ্জিন সংকট কাটাতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক এ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে। পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাড়ে তিন বছরে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ মোট ব্যয়ের প্রায় ৭১ শতাংশ আসবে উন্নয়ন সহযোগী সংস্থাটির ঋণ থেকে।

ইঞ্জিন সংকটে সীমিত রেলওয়ের সক্ষমতা

বাংলাদেশ রেলওয়ের বহরে বর্তমানে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর একটি বড় অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বহরে থাকা ১১৫টি মিটারগেজ ইঞ্জিন ইতোমধ্যে এ সময়সীমা অতিক্রম করেছে। এর মধ্যে ৬২টির বয়স ৪০ বছরের বেশি।

দীর্ঘদিন ব্যবহারের কারণে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমেছে। একই সঙ্গে পুরোনো মডেলের ইঞ্জিনের যন্ত্রাংশ সংগ্রহও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বাজারে প্রয়োজনীয় যন্ত্রাংশ না পাওয়ায় বিকল্প উপায়ে তা সংগ্রহ করতে হয়। এতে মেরামতের সময় ও ব্যয়—দুটিই বাড়ে।

কোনো ইঞ্জিন বিকল হলে সেটি মেরামত করে পুনরায় চালু করতে দীর্ঘ সময় লাগছে। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন পরিচালনা ব্যাহত হওয়ার পাশাপাশি নতুন ট্রেন চালু করা বা বিদ্যমান সেবার পরিসর বাড়ানোও কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে মিটারগেজ রুটে প্রয়োজনীয় ইঞ্জিনের অভাব যাত্রীবাহী ও মালবাহী—দুই ধরনের ট্রেন পরিচালনায় সীমাবদ্ধতা তৈরি করছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেন, ‘রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি।’

তিনি বলেন, ‘আমাদের অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এর ফলে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।’

দেশের পণ্য পরিবহনে রেলের অংশগ্রহণ মাত্র ৩-৪ শতাংশ

দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ এখনো খুবই সীমিত। বর্তমানে মোট পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। অথচ তুলনামূলক কম খরচে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহনের সুযোগ রয়েছে রেলওয়ের। এ ক্ষেত্রে রেলের ব্যবহার বাড়ানো গেলে সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি পরিবহন ব্যয় নিয়ন্ত্রণেও ভূমিকা রাখা সম্ভব।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়। পরের অর্থবছর, অর্থাৎ ২০২১-২২ সালে এ পরিমাণ কমে দাঁড়ায় ৫৩ লাখ ৩৩ হাজার টনে। ২০২২-২৩ অর্থবছরে তা আরও কমে ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে নেমে আসে।

রেলপথে সাধারণত চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, কয়লা, শিল্পকারখানার কাঁচামাল ও বিভিন্ন ধরনের কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি করা পণ্য এবং শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহে রেলওয়ের বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কিন্তু ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা, পর্যাপ্ত মালবাহী ট্রেন পরিচালনায় সীমাবদ্ধতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত ঘাটতির কারণে এ সম্ভাবনার পূর্ণ ব্যবহার করা যাচ্ছে না।

প্রতিটি ইঞ্জিনের সম্ভাব্য দাম ৬৯ কোটি টাকা

প্রকল্পের আওতায় ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের পাশাপাশি সেগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম ও বিশেষায়িত টুলস কেনা হবে। প্রতিটি ইঞ্জিনের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিনগুলো কেনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।

নতুন ইঞ্জিন সরবরাহের পাশাপাশি সেগুলো চালু করা, পরীক্ষামূলক পরিচালনা এবং রক্ষণাবেক্ষণসংক্রান্ত কারিগরি সহায়তার ব্যবস্থাও প্রকল্পে রাখা হয়েছে। এ ছাড়া রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আধুনিক প্রযুক্তির এসব ইঞ্জিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত দক্ষতা প্রয়োজন। সে কারণে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে স্থানীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের সহায়তাও পাওয়া যাবে। এতে ইঞ্জিনের ত্রুটি শনাক্তকরণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ পরিবর্তনের বিষয়ে রেলওয়ের কর্মীদের দক্ষতা বাড়বে।

শুধু ইঞ্জিন নয়, প্রয়োজন ওয়াগন ও অবকাঠামোও

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চাই না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং তুলনামূলক সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।’

তবে সংশ্লিষ্টদের মতে, শুধু নতুন ইঞ্জিন সংগ্রহ করলেই রেলপথে পণ্য পরিবহনের কাঙ্ক্ষিত সম্প্রসারণ সম্ভব হবে না। এর সঙ্গে পর্যাপ্ত মালবাহী ওয়াগন, পণ্য ওঠানো-নামানোর আধুনিক সুবিধা এবং বন্দর, শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে কার্যকর রেল যোগাযোগ নিশ্চিত করতে হবে। এসব ক্ষেত্রে ঘাটতি থাকলে নতুন ইঞ্জিনের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো কঠিন হবে।

রেলপথে পণ্য পরিবহন বাড়াতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রধান বাণিজ্যিক করিডোরগুলোতে বিদ্যমান ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি মালবাহী ট্রেন পরিচালনার উদ্যোগ রয়েছে। পাশাপাশি নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ, ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

চাহিদা ৭০-৮০টি, প্রথম ধাপে আসছে ৩০টি

রেলওয়ের সামগ্রিক চাহিদার তুলনায় প্রকল্পে অন্তর্ভুক্ত ৩০টি ইঞ্জিনকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি নতুন লোকোমোটিভ। সে হিসাবে বর্তমান প্রকল্পের মাধ্যমে ৩০টি ইঞ্জিন সংগ্রহ করা হলেও চাহিদা পূরণে পর্যায়ক্রমে আরও ইঞ্জিন কেনার প্রয়োজন থাকবে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের রেলওয়ে নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। সরকার এ সংকট নিরসনে পর্যায়ক্রমে নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের এ প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের ইঞ্জিন সংকট অনেকটা কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেল পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দীর্ঘমেয়াদে দেশের রেল নেটওয়ার্ক আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে এ রূপান্তর সম্পন্ন করতে সময় প্রয়োজন। তাই বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

ডুয়েলগেজে রূপান্তরের আগ পর্যন্ত মিটারগেজের গুরুত্ব

রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ কাজ বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে। এক মূল্যায়নে বলা হয়েছে, রূপান্তর কার্যক্রম বিলম্বিত হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও দেশের বিভিন্ন রুটে মিটারগেজ ট্রেন চলাচল অব্যাহত থাকতে পারে।

এ কারণে দীর্ঘমেয়াদি রূপান্তর পরিকল্পনার পাশাপাশি বর্তমান মিটারগেজ নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন সংগ্রহের গুরুত্ব রয়েছে। নতুন ৩০টি লোকোমোটিভ যুক্ত হলে পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমবে এবং বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করছে সরকার।

রেল প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন লোকোমোটিভ সংগ্রহের মাধ্যমে বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নের পথও সুগম হবে।’

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে এলাকায় এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন ইঞ্জিন যুক্ত হওয়ার ফলে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি খাদ্যশস্য, সার, জ্বালানি, পাথর, সিমেন্ট, শিল্পকারখানার কাঁচামাল ও কনটেইনার পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়বে। তবে এ উদ্যোগের প্রকৃত সুফল পেতে ইঞ্জিন সংগ্রহের পাশাপাশি ওয়াগন, পণ্য ওঠানো-নামানোর অবকাঠামো এবং বাণিজ্যিক রেল যোগাযোগের উন্নয়নও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন