শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

তিন জেলায় ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গাজীপুরে ১৪, গোপালগঞ্জে ৮ ও নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন; জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় সতর্ক অবস্থানে বাহিনী

দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় বর্তমানে মোট ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।

এর মধ্যে গাজীপুরে ১৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

সংযম ও মানবিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা

গোপালগঞ্জের সাম্প্রতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছেন আনসার সদস্যরা।

পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ ধৈর্য, সংযম ও মানবিকতার পরিচয় দিচ্ছেন তাঁরা। বলপ্রয়োগ এড়িয়ে বাঁশি ও কৌশলী অবস্থানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। একই সঙ্গে সরকারি স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

নিয়মিত তদারকি করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের মনোবল চাঙা রাখা এবং কার্যক্রমের মান নিশ্চিত করতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত তাঁদের কার্যক্রম তদারকি করছেন।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, নাশকতা প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন