স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় সফর বিনিময়, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদীয় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব
স্পিকার বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন রয়েছে। মুসলিম ভ্রাতৃত্ববোধের ভিত্তি দুই দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করেছে। দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় পর্যায়ে দ্বিপক্ষীয় সফর বিনিময় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় স্পিকার বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামল নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ওই সরকারের স্বৈরাচারী শাসনের কারণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অধিকাংশ বিরোধী দলীয় নেতৃত্ব কারাবরণ, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
স্পিকার আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রকামী জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সদস্যরা আগের তুলনায় অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার আলোচনা
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এ দেশের জনগণের সঙ্গে মালদ্বীপের জনগণের অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সংস্কৃতিতে খুব সহজেই মানিয়ে নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটনশিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

