খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তারেক রহমান; দিনব্যাপী সফরে অংশ নেন একাধিক কর্মসূচিতে
প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
প্রথমবারের মতো লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিনব্যাপী সফরে বৃহস্পতিবার লালমনিরহাটে আসেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। কর্মসূচির পরই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।
‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা
লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

