মিক অসন্তোষ ও সড়ক অবরোধ মোকাবিলায় পুলিশের সঙ্গে কাজ করছেন আনসার সদস্যরা; বাঘের বাজার, হোতাপাড়া ও মালেকের বাড়ি মোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, মহাসড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শিল্পাঞ্চলের নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন তাঁরা।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও সড়কে ছয় প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ১৭ নভেম্বর থেকে নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে আরও আট প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে জেলায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও সড়কে নিরাপত্তা জোরদার
ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ১৮ নভেম্বর মাওনা এলাকায় অতিরিক্ত আনসার সদস্যদের কয়েকটি সেকশনও পৌঁছেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মৌচাক, আমবাগ কাটা, সফিপুর, বাঘের বাজার, শিরিরচালা, মালেকের বাড়ি মোড় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
বাঘের বাজারে অবরোধ প্রতিহত, মহাসড়কে টহল
এদিন বাঘের বাজার এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা প্রতিহত করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেন আনসার সদস্যরা। একপর্যায়ে শ্রমিকদের বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতির অবনতি হলে যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন তাঁরা।
পরে দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে হোতাপাড়া পর্যন্ত আনসার ব্যাটালিয়নসহ যৌথ বাহিনীর সদস্যরা টহল পরিচালনা করেন। তাঁদের সমন্বিত তৎপরতায় ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মালেকের বাড়ি ও হোতাপাড়ায় যৌথ অভিযান
মালেকের বাড়ি মোড় এলাকায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি সড়কে উল্টে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে আনসার, এসআরবি ও বিজিবি সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আনসার সদস্যরা সেখানে পুনরায় দায়িত্ব পালন করে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।
একই দিন দুপুর ১২টা ৫০ মিনিট থেকে হোতাপাড়া ও মনিপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা সাধারণ সড়কে যান চলাচল বন্ধ করে দিলে পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলে আবার যানবাহন চলাচল শুরু হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় অগ্নিসংযোগের ঘটনার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের তৎপরতা অব্যাহত ছিল।
বিকেল ৪টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ
বিকেল ৩টা ৪০ মিনিট থেকে নয়াপাড়া (বাংলাবাজার) ও ভাওয়াল মির্জাপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা সাধারণ মানুষের চলাচলের সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ব্যাটালিয়নের ছয় সেকশনের সদস্যরা যৌথ বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করেন।
এ সময় আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধের পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আনসার সদস্যদের অংশগ্রহণ ও সমন্বিত তৎপরতায় বিকেল ৪টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ছাড়া কালিয়াকৈর ও পল্লী বিদ্যুৎ এলাকাসহ গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য নাশকতা, সড়ক অবরোধ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তাঁদের নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা সুরক্ষায় বাহিনীর সদস্যদের সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল তৎপরতা অব্যাহত থাকবে।

