নোটের নকশা, নিরাপত্তাসুতা ও জলছাপের বৈশিষ্ট্য যাচাইয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান
জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বরগুনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং সোনালী ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপনায় বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. এমদাদুল হক।
কর্মশালায় যা বলা হয়
সোনালী ব্যাংক পিএলসির বরগুনা শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. জাহিদুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল নোট শনাক্তকরণ ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. এমদাদুল হক বলেন, জাল নোট সম্পর্কে জনসাধারণকে সচেতন হতে হবে। নোটের নকশা, নিরাপত্তাসুতা, জলছাপ ও বৃত্তসহ বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
কর্মশালায় জেলার সব ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

