ঢাকা জেলার এসপির বাসভবনের সামনেও বিস্ফোরণ; মোহাম্মদপুরসহ একাধিক এলাকায় রাতভর আতঙ্ক, ককটেল নিক্ষেপের চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা
রাজধানীর বিভিন্ন এলাকায় এক রাতেই একাধিক ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরণের চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা জেলার পুলিশ সুপারের (এসপি) বাসভবনের সামনে, মোহাম্মদপুর, রমনা, যাত্রাবাড়ী, মতিঝিল, মহাখালী, খিলগাঁও ও বনানীসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এ ছাড়া বনানীতে একটি ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ধারাবাহিক এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত ৮টা ৪৫ মিনিট থেকে শুরু করে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন সময়ে বিস্ফোরণ ও নিক্ষেপের ঘটনাগুলো ঘটে। কয়েকটি স্থানে বিস্ফোরক নিক্ষেপ করা হলেও তা বিস্ফোরিত হয়নি। অন্যদিকে, শ্যামলীতে ককটেল বিস্ফোরণের চেষ্টা করার সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় বাসিন্দারা।
এসপির বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
রাত ১০টা ২০ মিনিটের দিকে রমনায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সৈকত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে আছেন। এখনো থানায় রিপোর্ট পাঠানো হয়নি।’
মোহাম্মদপুরে একাধিক স্থানে বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অন্তত পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কৃষি মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আসাদগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়।
একই সময়ে বসিলায় এসআরবি-২ কার্যালয়ের সামনে একটি এবং রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনেও একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি বিস্ফোরিত হয়নি।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জুয়েল রানা ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিয়া মসজিদ এলাকা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, শ্যামলীতে ককটেল বিস্ফোরণের চেষ্টা করার সময় তিনজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যাত্রাবাড়ী, মতিঝিল ও মহাখালীতেও বিস্ফোরণ
রাত ৮টা ৪৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে সামাদ সুপার মার্কেটের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। একই রাতে মতিঝিলে এখন টেলিভিশনের কার্যালয়ের সামনেও দুটি ককটেল বিস্ফোরিত হয়।
রাত ১১টা ৩০ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে এবং খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বনানীতে ট্রাফিক পুলিশ বক্সে পেট্রোল বোমা
ককটেল বিস্ফোরণের পাশাপাশি বনানীতে একটি ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রাত ৯টা ১৫ মিনিটের দিকে বনানীর ১১ নম্বর সড়কে সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ চামকা বলেন, ‘এ ঘটনায় এখনো আমাদের কাছে বিস্তারিত তথ্য আসেনি।’
রাজধানীর বিভিন্ন এলাকায় একই রাতে ধারাবাহিক বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার এবং পুলিশ স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে কিংবা আটক তিনজনের সংশ্লিষ্টতা কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এসব বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিস্তারিত বক্তব্যও পাওয়া যায়নি।

