সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে এবং আশপাশের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি প্রজেক্টাইল ৮০ তলা ভবনটিতে আঘাত হানে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত পিআইএফের সদর দপ্তর ভবনটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ভবনটির কয়েকটি তলা ও পার্শ্ববর্তী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে সৌদি আরব।
নিরাপত্তা জোরদার, সরানো হয় লোকজন
হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে আর্থিক কেন্দ্রের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়। ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়। জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হুতিদের এ ধরনের কর্মকাণ্ড বেসামরিক অবকাঠামোর জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
দুই সপ্তাহের কম সময়ে দ্বিতীয় হামলা
রিয়াদের আর্থিক কেন্দ্রে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় স্থাপনায় হামলার ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরামকোর একটি ভবনে হামলায় ক্ষয়ক্ষতি হয়েছিল।

