শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করবে যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করে আইসিজের ঐতিহাসিক রায়ের পর লন্ডনে নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ঘোষণাও দিয়েছে ব্রিটিশ সরকার।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্য এ ঘোষণা দেয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে জানান, লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার।

বিবৃতিতে এড মিলিব্যান্ড বলেন, ‘এই জঘন্য অপরাধগুলোর জন্য ব্যবস্থা নিতে এবং জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ।’

আইসিজের ঐতিহাসিক রায়

উল্লেখ্য, বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে ওই অভিযানে যৌন সহিংসতা ও গণউচ্ছেদের প্রমাণও পাওয়া গেছে।

এ রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এ রায়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন