যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্যস্ত সময়ে হাতে টিকিট দিয়ে গাড়ি পার করা হলেও সেসব গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে ওঠে না বলে অভিযোগ দুদকের।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করছে। অভিযোগের ভিত্তিতে কর্মকর্তারা সংশ্লিষ্ট নথিপত্র ও টোল আদায়ের তথ্য খতিয়ে দেখছেন।
হাতে টিকিট দিয়ে গাড়ি পার করার অভিযোগ
দুদকের অভিযোগে বলা হয়েছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসব টিকিট নিয়ে পার হওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে প্রদর্শিত হয় না। এতে যানবাহন চলাচলের প্রকৃত হিসাব গোপন করে টোলের তথ্য কম দেখানোর সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
চুক্তি অনুযায়ী রাজস্ব ভাগাভাগি
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহন থেকে আদায় করা টোলের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। অন্যদিকে, দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নেমে গেলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাওয়ার কথা।
অভিযোগ উঠেছে, বর্তমানে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করলেও সরকারকে প্রাপ্য রাজস্ব দেওয়া হচ্ছে না।
তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন ৭০ হাজার থেকে ৭৫ হাজার যানবাহন চলাচল করে।
যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা এবং টোল আদায়ের তথ্য নিয়ে দুই ধরনের হিসাব সামনে আসায় অভিযোগের সত্যতা যাচাইয়ে নথিপত্র পরীক্ষা করছেন দুদকের কর্মকর্তারা।

