রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কৃষি গবেষণায় বরাদ্দ বাড়িয়ে প্রযুক্তিনির্ভর কৃষির বিকাশে কাজ করছে সরকার: ইউজিসি সদস্য

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিপণ্য রপ্তানি বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির বিকাশে গবেষণার বরাদ্দ বাড়িয়ে কাজ করছে সরকার। কৃষি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগানো এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণায় উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদার’ শীর্ষক কর্মশালা ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক খাদ্য চাহিদার প্রেক্ষাপটে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা প্রয়োজন।

এ জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ ও বরাদ্দ বাড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত গবেষণার ফলাফল যেন মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

কৃষিপণ্য রপ্তানি ও মানোন্নয়নে গুরুত্ব

ইউজিসি সদস্য বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সক্ষমতা বাড়ানো জরুরি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা ও রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে নিরাপদ খাদ্য উৎপাদন, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং সরবরাহ ও বিপণনব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রযুক্তিনির্ভর কৃষির সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, সেন্সর প্রযুক্তি, ড্রোন, রোবটিকস এবং নির্ভুল কৃষি ব্যবস্থাপনার ব্যবহার বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে জমির অবস্থা পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই শনাক্তকরণ, সেচ ও সারের সঠিক ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব।

বাংলাদেশেও প্রযুক্তিনির্ভর কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে অধ্যাপক মামুন বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে উদ্ভাবনী পণ্য ও সেবায় রূপান্তর, কৃষিভিত্তিক নতুন উদ্যোগ গড়ে তোলা এবং তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দেশের কৃষকের আর্থসামাজিক অবস্থা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

কৃষককেন্দ্রিক উদ্যোগ ও উৎপাদন ব্যয় কমানোর তাগিদ

বর্তমান সরকারের কৃষি ও কৃষককেন্দ্রিক উদ্যোগের প্রসঙ্গ তুলে ইউজিসি সদস্য বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণ সহজলভ্য করা, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা টেকসই কৃষি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

কৃষক কার্ড কর্মসূচি, কৃষিঋণ মওকুফ, সার ও কৃষি উপকরণে সহায়তা, খাল খনন ও পুনঃখনন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষির যান্ত্রিকীকরণের মতো উদ্যোগ কৃষি উৎপাদন ও কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক অবকাঠামো, হিমাগার ও শীতল সরবরাহব্যবস্থা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রপ্তানিমুখী বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষককে শুধু উৎপাদক হিসেবে নয়, সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরি করতে হবে।

বাকৃবির সঙ্গে নয়টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক

কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নয়টি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক-২ অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে গবেষণার বাণিজ্যিকীকরণ এবং কৃষি উদ্যোক্তাদের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন