মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে গাজীপুরে নতুন করে ২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

শনিবার রাতে ১৩টি ও রোববার সকালে ১৬টি কারখানা বন্ধের নোটিশ; কাজে এসে ফিরে গেলেন শ্রমিকরা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় নতুন করে আরও ২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার রাতে ১৩টি কারখানায় ছুটির সিদ্ধান্ত জানানো হয়। রোববার সকালে আরও ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাম হোসাইন বলেন, রোববার সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, “গতকাল রাতে (শনিবার) ১৩টা কারখানায় বলে দিয়েছিল রোববার থেকে কারখানা ছুটি থাকবে। আজ সকালে আরও ১৬টি কারখানা ছুটি দিয়েছে।”

সকালে কাজে যোগ দিতে এসে এসব কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকেরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে উত্তপ্ত গাজীপুর

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশের বিশেষায়িত বাহিনী, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

চলমান অস্থিরতার মধ্যে পোশাক কারখানার মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকেরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, “সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষা পর্যালোচনা করে, সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকরা এক কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “ফলশ্রুতিতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন।”

শ্রম আইনের ১৩(১) ধারায় যা বলা আছে

শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত মাসের শেষ দিকে পোশাক শ্রমিকেরা আন্দোলনে নামেন। রাজধানীর মিরপুর, গাজীপুর, ঢাকার সাভার ও আশুলিয়া এবং নারায়ণগঞ্জে শ্রমিকদের এই আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয়। এতে একজন শ্রমিকের মৃত্যু হয়।

শনিবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে শনিবার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আরও সাতটি কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।

মজুরি বোর্ডের বৈঠক সোমবার

শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন