রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কাজে যোগ না দিয়ে মহাসড়কে পোশাক শ্রমিকেরা, ভোগান্তিতে যাত্রীরা

কাজে যোগ না দিয়ে সড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ীতে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা প্রথমে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন।

একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন।

এ ছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দিলেও শ্রমিকেরা আবার সড়কে অবস্থান নিচ্ছেন।

তিনি জানান, ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন